'বাথরুম সিংগার' বলে কিছু নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈলাশ খের
কৈলাশ খের

ভারতের সংগীতশিল্পী কৈলাশ খেরের গায়কির প্রতাপ যে কতটা তা তাঁর গান যারা শুনেছেন তাঁরাই এর প্রমাণ পেয়েছেন। শুধু ভারতীয় চলচ্চিত্রেই এ পর্যন্ত তিন শোরও বেশি গান গেয়েছেন এই সংগীতশিল্পী। সংগীতই তাঁর ধ্যানজ্ঞান সবকিছু। এ বিষয়ে তাঁর মতামতও খুব স্পষ্ট। সম্প্রতি সংগীত ও সংগীতশিল্পী প্রসঙ্গে কৈলাশ বলেছেন, ‘বাথরুম কিংবা কিচেন সিংগার বলে কিছু নেই! শুধু আছে সংগীতশিল্পী, গানটাকে একটু গুরুত্বের সঙ্গে নিলেই যারা পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠতে পারে’
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় বসেছিলেন ভারতের এই গুণী শিল্পী। সংগীত এবং সংগীতশিল্পীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আক্ষেপের সুরেই তিনি বলেন, ‘সবাই এমবিএ, এমবিবিএস কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দারুণ পরিশ্রম করে। কিন্তু তেমন পরিশ্রম তো সংগীত নিয়েও করাটা জরুরি।’ কৈলাশ খেরের ভাষায়, একজন মানুষ যদি ‘বাথরুম সিংগার’ হতে পারে, তাঁর ভেতর ‘সিংগার’ বা সংগীতশিল্পী হওয়ার ক্ষমতাও থাকে। আর এ জন্য শুধু নিজেকে পরখ করতে হবে।
কৈলাশ খেরের জন্ম ভারতের উত্তর প্রদেশের মিরাটে। ভারতীয় লোকসংগীত দ্বারা অনুপ্রাণিত এই সংগীতশিল্পী পপ ও রক ধাঁচের গানও গেয়ে থাকেন। বিখ্যাত কাওয়ালি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ্ আলী খান ও শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত কুমার গান্ধর্বের সংগীতে অনুপ্রাণিত এই গায়ক শুধু ভারতে নন সারা বিশ্বের সংগীতপ্রেমী শ্রোতা দর্শকদের কাছেই তুমুল জনপ্রিয়। ‘মির্চি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন কৈলাশ খের। ঢাকাই ছবি ‘মোস্ট ওয়েলকাম-এর জন্যও গান করেছেন ভারতীয় সুফি-রক গানের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের।