'বাপু'-কে বাবা দিবসে শ্রদ্ধা

হলিউডের নতুন ছবি ‘ইনফারনো’-র প্রেস ট্যুরে অংশ নিতে বলিউড অভিনেতা ইরফান খান গিয়েছিলেন সিঙ্গাপুরে। কিছুদিন আগেই মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেতা। আর দেশে ফিরেই বাবা দিবসের এক দিন আগে রওনা দিয়েছেন ভারতের গুজরাটে শবরমতী আশ্রমে, যা গান্ধী আশ্রম নামেও পরিচিত। এই ভ্রমণে ইরফানের সঙ্গী ছিল তাঁর ছেলে আয়ান খান।
বাবা দিবসের এক দিন আগে হঠাৎ কী মনে করে হাজির হলেন গান্ধী আশ্রমে? এই প্রশ্নের জবাবে ইরফান বললেন, ‘আমি চেয়েছিলাম আমার ছেলে এই আশ্রমের গুরুত্ব বুঝুক। ভারতের ইতিহাস ও আরও ভালো করে জানুক। মহাত্মা গান্ধী বা ‘বাপু’কে আমাদের জাতির পিতা হিসেবে ছেলের কাছে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম বলেই এখানে আসা। কারণ, ভারতের স্বাধীনতায় তাঁর অবদান অসামান্য।’
আজ বাবা দিবসে সবাই যখন নিজের বাবাকে নিয়েই দিনটি পালন করবে, ঠিক তার আগের দিন জাতির পিতাকে স্মরণ করে ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু অন্য রকম বাবা দিবস এবার পালন করলেন ইরফান ও আয়ান।
সূত্র: বলিউড হাঙ্গামা