'বাবা' দিলীপের কপালে 'ছেলে' শাহরুখের চুমু

বেশ কিছুদিন যাবৎ অসুস্থ বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারকে দেখতে যান ‘কিং খান’ শাহরুখ। গতকাল দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু অভিনেতার টুইটার অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে কিছু ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন। হাসপাতাল থেকে ফিরে এখন নিজের বাসায় আছেন দিলীপ কুমার। তাঁর পাতানো ‘ছেলে’ শাহরুখ খান সেখানেই দেখতে যান ‘বাবা’কে।
সায়রা বানু স্বামীর টুইটারে লিখেছেন, ‘সাহেবের (দিলীপ কুমারের) পাতানো “ছেলে” শাহরুখ খান আজ তাঁকে দেখতে এসেছে।’ তিনি আরও জানান, হাসপাতাল থেকে ফিরে দিলীপ কুমার এখন অনেকটা ভালো আছেন। কিডনি জটিলতা ও পানিশূন্যতার সমস্যায় আক্রান্ত হয়ে ২ আগস্ট তিনি ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।
দিলীপ কুমারের সঙ্গে কখনো রুপালি পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পাননি শাহরুখ, কিন্তু একই চরিত্রে অভিনয় করেছেন—দেবদাস। দুই প্রজন্মের এ দুই অভিনেতার মধ্যে রয়েছে একধরনের আত্মিক সম্পর্ক। দিলীপ কুমার ভীষণ স্নেহ করেন শাহরুখকে। ‘কিং খান’ও ভীষণ শ্রদ্ধা করেন বলিউডের ‘দ্য আলটিমেট মেথড অ্যাক্টর’ দিলীপ কুমারকে। একবার এক সাক্ষাৎকারে দিলীপ কুমার সম্বন্ধে শাহরুখ বলেছিলেন, ‘চলচ্চিত্রশিল্পের খুঁটি।’ ফিল্মফেয়ারে সবচেয়ে বেশিবার (আটবার) সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাঁরা দুজনেই। এনডিটিভি