'বাহুবলী ২'-কে টপকে গেল 'দঙ্গল'

আমির খানের ‘দঙ্গল’ আর প্রভাসের ‘বাহুবলী ২’-এর মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। যদিও আমির এই দুই ছবির মধ্যে তুলনা করতে নারাজ। কিন্তু বক্স অফিসে আয়ের প্রতিযোগিতায় যে দুটি ছবি পাশাপাশি আছে, এটা তো আর চাইলেই অস্বীকার করা যাবে না। ‘দঙ্গল’ মুক্তির চার মাস পর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’। কিন্তু আয়ের দিক থেকে অনেক এগিয়ে ছিল এই ছবি। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে এস এস রাজমৌলি পরিচালিত দক্ষিণ ভারতীয় ছবি ‘বাহুবলী ২’। তবে, ৫ মে চীনে ‘দঙ্গল’ মুক্তি দেওয়ার পর পাশার দান উল্টে যেতে থাকে। চীনে এই ছবির আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা টুইটারে জানান, ২৮ মে পর্যন্ত ‘দঙ্গল’ ছবির বিশ্বজুড়ে আয় ছিল ১ হাজার ৬৬৫ কোটি রুপি। আর ‘বাহুবলী ২’ সারা বিশ্বে আয় করেছে ১ হাজার ৬৩৩ কোটি রুপি। কিন্তু চীনে ‘দঙ্গল’ মুক্তি দেওয়ার আগে এই চিত্র ছিল অন্য রকম। চীনের দর্শক ও সমালোচকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে ‘দঙ্গল’। এটি এখন চীনের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে হলিউডের ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: ডেড মেন টেল নো টেল’। বলিউড লাইফ।