'বিগ বি'-এর আসনে রণবীর?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র আটি সিজনের প্রায় সব কটিতেই উপস্থাপকের আসনে ছিলেন অমিতাভ বচ্চন। কেবল একটিতে তাঁর বদলে বসানো হয়েছিল ‘বলিউড বাদশা’ শাহরুখ খানকে। কিন্তু ‘বিগ বি’-এর মতো অনুষ্ঠান জমাতে পারেননি তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে, এই গেম শো-এর নতুন মৌসুমে দেখা যাবে নতুন এক উপস্থাপককে। তা–ও আবার ভার ভারিক্কি কেউ নন। ‘কৌন বানেগা ক্রোড়পতি’র উপস্থাপকের আসনে নাকি বসতে যাচ্ছেন এই প্রজন্মের তারকা রণবীর কাপুর।
অমিতাভের জায়গায় রণবীরকে ভাবা হচ্ছে বলে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ অনুষ্ঠানের আবহর সঙ্গে রণবীরের ভাবমূর্তি একেবারেই বেমানান। যদিও এখন পর্যন্ত এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ‘বিগ বি’ কিংবা রণবীরের পক্ষ থেকেও এ প্রসঙ্গে কোনো বক্তব্য আসেনি। হতে পারে, এটি বলিউডের অসংখ্য গুজবের মধ্যে একটি। বলিউড বাবল।