'বিগ বি'-এর প্রশংসায় উচ্ছ্বসিত শ্রদ্ধা

মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের বোন হাসিনা পার্কারকে নিয়ে ভারতে একটি ছবি তৈরি হচ্ছে। এই ছবিতে হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। আর এতেই দেখা গেল হাসিনা পার্কারের বেশে শ্রদ্ধার ‘ফার্স্ট লুক’। পর্দায় বরাবর শান্ত ও নরম চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীর এবার দেখা মিলল ভিন্ন লুকে। পোস্টারে শ্রদ্ধার দৃঢ় চাহনি বলে দিচ্ছে এবার অন্য রকম চরিত্রে অভিনয় করে বাজিমাত করতে যাচ্ছেন শ্রদ্ধা।
পোস্টার প্রকাশ পাওয়ার দিন থেকেই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও এই পোস্টার দেখে মুগ্ধ। তাঁর ভালো লাগার কথা জেনে শ্রদ্ধা যারপরনাই খুশি।
রোববার ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পর টুইটারে অমিতাভ এই পোস্টারের ছবি রিটুইট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসাধারণ পোস্টার’। ‘বিগ বি’-র সেই পোস্টে মন্তব্য করে শ্রদ্ধাও জানিয়ে দিয়েছেন তাঁর উচ্ছ্বাসের কথা। অমিতাভকে তিনি লিখেছেন, ‘এটি আপনার ভালো লেগেছে ভেবে ভীষণ উচ্ছ্বসিত বোধ করছি স্যার।’
‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ মুক্তি পাওয়ার কথা ১৪ জুলাই। বলিউড বাবল