'বিগ বি'-র চোখে 'রইস' ও 'কাবিল'

১৫ বছর আগে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে শাহরুখ ও হৃতিকের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। দুটি সিনেমাই দেখা হয়েছে ‘বিগ বি’-র। পর্দার দুই পুত্রের ছবি দেখে কেমন লেগেছে তাও জানিয়েছেন খুদে ব্লগিং সাইট টুইটারে।
শুক্রবার টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘অভিনন্দন শাহরুখ...রইস ছবিতে তোমার রাগ দেখতে ভালো লেগেছে।’
এই টুইটের কয়েক মিনিট আগে তিনি ‘কাবিল’ প্রসঙ্গে লেখেন, ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য সিনেমা। অসাধারণ পারফরমেন্স। সঞ্জয় গুপ্ত খুব সুন্দর পরিচালনা করেছেন। অভিনন্দন।’
মাস খানেক আগে সঞ্জয় গুপ্ত অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে ‘জাজবা’ ছবিটি তৈরি করেছিলেন। এই ছবি দিয়েই বলিউডে প্রত্যাবর্তন হয় অ্যাশের। কিন্তু ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি।
অবশ্য, ‘রইস’-এর ক্ষেত্রে ঘটছে উল্টো ঘটনা। মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ছবিটি আয় করেছে ৫৯ কোটি ৮৩ লাখ রুপি। এদিকে, তিন দিনে ‘কাবিল’-এর আয় ৩৮ কোটি ৮৭ লাখ রুপি।
‘কাবিল’ প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এই ছবির নায়িকা ইয়ামি গৌতম। আর রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’-এ শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিক ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এনডিটিভি।