'বিগ বি'কে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চন ও তাপসী
‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চন ও তাপসী

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিঙ্ক’ সিনেমা করার আগে তাপসী পান্নুকে বলিউডে কজনই বা চিনত? আর এখন কিনা অমিতাভের সঙ্গেই কাজ করতে চান না তাপসী! নিন্দুকেরা মুখ বাঁকিয়ে বলতে পারেন, তাপসী এত বড় তারকা হয়ে গেছে! এত!

অভিনব দে পরিচালিত এই ছবির গল্প একটি মুসলিম পরিবারকে ঘিরে। সেখানে পরিবারের একজন সদস্য ভুলভাবে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। আর সেই ছেলের ভাবির চরিত্রেই অভিনয় করবেন তাপসী। পরিবারের অন্য এক সদস্যের চরিত্রের জন্য অমিতাভ বচ্চনের কথা ভেবে রেখেছিলেন পরিচালক। এই সিনেমায় তাপসীকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। পরিবারের সম্মান রক্ষার জন্য আদালতে মামলা লড়তে হয় তাঁকে। ঠিক যেমনটা সুজিত সরকারের ছবি ‘পিঙ্ক’-এ দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।
দুজন মানুষকে ঘুরেফিরে একই ধরনের চরিত্রে কাজ করতে দেখলে দর্শক একঘেয়ে বোধ করবেন বলে মনে করছেন তাপসী। এ জন্য অমিতাভের চরিত্রে অন্য কোনো প্রবীণ অভিনেতাকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। নির্মাতাও ইতিমধ্যে সেই চরিত্রের জন্য অন্য শিল্পী খুঁজতে আরম্ভ করেছেন।
ছবিতে তাপসীর স্বামীর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, রাজ বাব্বর ও স্মিতা পাতিলের ছেলে প্রতীক বাব্বর এই সিনেমায় অভিনয় করছেন। তবে তিনিই তাপসীর নায়ক কি না, তা এখনো স্পষ্ট নয়। ছবির নামও ঠিক হয়নি।
তাপসী পান্নুর আসন্ন ছবি ‘জুড়ুয়া টু’ মুক্তি পাবে সেপ্টেম্বরে। এখানে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সূত্র: বলিউড বাবল।