'বিতর্কিত' শব্দ থাকছে তথ্যচিত্রে

‘গরু’, ‘হিন্দু’, ‘হিন্দুত্ব’ আর ‘গুজরাট’ শব্দগুলো থাকছে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রে। এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ থেকে শব্দগুলো বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কলকাতার দপ্তর। কিন্তু তখন থেকে এর বিরোধিতা করছেন তথ্যচিত্রটির পরিচালক সুমন ঘোষ। দীর্ঘদিন লড়াই শেষে শব্দগুলো রেখেই এটি মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে সিবিএফসি কেন্দ্রীয় দপ্তর।
অমর্ত্য সেনকে নিয়ে তৈরি করা এই তথ্যচিত্রে রয়েছে দুটি পর্ব—২০০২ সাল ও ২০০৭ সাল। ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ তথ্যচিত্রে রয়েছে দেশের আর্থসামাজিক পরিবেশ, উগ্র জাতীয়তাবাদ, অসহিষ্ণুতা থেকে শুরু করে গোটা বিশ্বের অস্থিরতা—সবই। তথ্যচিত্রে ‘গরু’, ‘হিন্দু’, ‘হিন্দুত্ব’ ও ‘গুজরাট’ শব্দগুলো থাকার কারণে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদি সরকার। এরপর শব্দগুলোতে ‘বিপ’ লাগানোর শর্তে তথ্যটিকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেয় সিবিএফসির কলকাতার দপ্তর। কিন্তু শব্দগুলো বাদ দিতে রাজি হননি সুমন ঘোষ। ফলে অনেক দিন তথ্যচিত্রটির মুক্তি আটকে ছিল।
এদিকে সম্প্রতি সিবিএফসির চেয়ারম্যান প্রসূন যোশি ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ তথ্যচিত্রটি দেখেছেন। এ ব্যাপারে তিনি নিজে কিছু না বললেও পরিচালক সুমন ঘোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘প্রসূন যোশি ছবিটি দেখে খুশি হয়েছেন। তথ্যচিত্রটি দেখে অনেক কিছু নতুন করে জানতে পেরেছেন তিনি।’