'বিদায় মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রুমা গুহঠাকুরতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেন অমিত কুমার
মা রুমা গুহঠাকুরতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেন অমিত কুমার

‘বিদায় মা, তুমিই ছিলে আমার শক্তি। তোমার অভাব কখনো পূরণ হবে না। এখন থেকে আমাকে আর কেউ “বাবু সোনা” বলে ডাকবে না। তবে স্বপ্নে নিশ্চয়ই আবার তোমাকে দেখতে পাব।’ মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অমিত কুমার।

আগেই জানানো হয়েছে, প্রখ্যাত অভিনেত্রী ও সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা আর নেই। গতকাল সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে দক্ষিণ কলকাতার ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজ বাসভবনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

রুমা গুহঠাকুরতার ছেলে অমিত কুমার আর মেয়ে শ্রমণা চক্রবর্তী মুম্বাই থাকেন। বিকেলে তাঁরা কলকাতায় আসেন। সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে রুমা গুহঠাকুরতার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে রুমা গুহঠাকুরতাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এদিকে রুমা গুহঠাকুরতার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রখ্যাত এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ রবীন্দ্রসদনে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে মরদেহ সন্ধ্যা পর্যন্ত বাড়িতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রুমা গুহঠাকুরতা বেশির ভাগ সময় বড় ছেলে অমিত কুমারের কাছেই থাকতেন। মাস তিনেক আগে তিনি মুম্বাই থেকে কলকাতায় ফিরে আসেন। এ সময় তিনি ছোট ছেলে অয়ন গুহঠাকুরতার কাছে ছিলেন।

বরেণ্য এই মানুষের মৃত্যুসংবাদ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট গায়িকা ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ তিনি ৮৪ বছর বয়সে কলকাতায় নিজের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। কলকাতা ইয়ুথ কয়্যারের স্রষ্টা রুমা দেবীর গাওয়া বহু গান আজও শ্রোতাদের স্মৃতিতে অম্লান। পাশাপাশি তিনি বহু বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও অভিনয় জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে “সংগীত সম্মান” প্রদান করে। রুমা গুহঠাকুরতার সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। তাঁর পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। বাংলা সংস্কৃতিজগতে একটি অধ্যায় শেষ হলো। রুমা গুহঠাকুরতা আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’

সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘কখনো তিনি সরস্বতীর মা, কখনো আবার ফুলেশ্বরী কখনো পলাতক...ক্যালকাটা ইয়ুথ কয়্যার থেকে শহরের রাস্তায়...সত্যজিৎ রায়ের ছবি থেকে কিশোর কুমারের ঘরনি...এক জীবন...নানা মুখ...নানা ভূমিকায়...প্রয়াত রুমা গুহঠাকুরতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। অমিতদাকে আমার গভীর সমবেদনা।’

রুমা গুহঠাকুরতার মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়সহ আরও অনেকে।

রুমা গুহঠাকুরতা ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের প্রথম স্ত্রী। রুমার মা সতী দেবী ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও প্রথম নারী সংগীত পরিচালক। কিশোর কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৫১ সালে। ১৯৫৮ সালে কিশোর কুমারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। রুমা-কিশোর কুমার দম্পতির একমাত্র সন্তান অমিত কুমার। কিশোর কুমারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রুমা গুহঠাকুরতা ১৯৬০ সালে বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতাকে। তাঁদের ঘরে রয়েছে একটি কন্যাসন্তান। তিনি সংগীতশিল্পী শ্রমণা চক্রবর্তী। ১৯৫৮ সালে গানের দল ক্যালকাটা ইয়ুথ কয়্যার গঠন করেছিলেন রুমা গুহঠাকুরতা।