'বিরুশকা'কে দিয়েই শুরু

>
- ‘কফি উইথ করণ’ নতুন মৌসুম শুরু হবে।
- প্রথম পর্বের সম্ভাব্য অতিথি আনুশকা শর্মা ও বিরাট কোহলি।
- কোনো টক শোতে উপস্থিত থাকার ব্যাপারে আগ্রহী নন এই দম্পতি।
ভারতে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি কে? তা নিয়ে নানা মত থাকতে পারে। তবে জুটি হিসেবে যে আনুশকা শর্মা আর বিরাট কোহলি এখন সেরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সব অনুষ্ঠানে ‘বিরুশকা’ দম্পতির এখন দারুণ চাহিদা। এই জুটিকে দিয়ে পাপারাজ্জিরা নিজেদের ছবির দাম বাড়াতে চান, টিভি চ্যানেলগুলো বাড়াতে চায় তাঁদের টিআরপি। করণ জোহর তাঁর ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পরবর্তী মৌসুম শুরু করতে চান এই জনপ্রিয় দম্পতিকে সঙ্গে নিয়ে। তবে এই চাওয়ার পেছনে কিছু ব্যাপার আছে।
করণের এই টক শোর প্রচুর দর্শক। কিন্তু করণ জোহর আপাতত তাঁর এ অনুষ্ঠানের নতুন মৌসুম শুরু করতে খুব একটা আগ্রহী নন। এখন দুই সন্তান যশ আর রুহিকে নিয়েই সময় কাটাতে চান। তা ছাড়া শেষ মৌসুমে কঙ্গনা রনৌত এ অনুষ্ঠানে এসে বলিউডের স্বজনপ্রীতির বিতর্ককে যেভাবে উসকে দিয়ে গেছেন, তার রেশ এখনো কাটেনি। নতুন করে আর কোনো বিতর্ক জড়াতে চান না করণ।

কিন্তু স্টার চ্যানেল কর্তৃপক্ষ আর দর্শকদের কাছ থেকে এ অনুষ্ঠান শুরু করার চাপ অনেক বেশি। তাই করণকে তাঁর মন কিছুটা নরম করতে হয়েছে। তবে পরবর্তী মৌসুমের প্রথম পর্বে তিনি অবশ্যই আলোচিত জুটি ‘বিরুশকা’কেই আমন্ত্রণ জানাবেন।
শোনা যাচ্ছে, কোনো টক শোতে জুটি বেঁধে আসতে আগ্রহী নন আনুশকা ও বিরাট। এ কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁদের কাছের একটি সূত্র। এখন কী করা যায়? বুদ্ধিমান করণ তাঁদের হাজির করার একটি পথ বের করেছেন।
আগামী মাসে মুক্তি পাবে আনুশকা শর্মা অভিনীত ও প্রযোজিত ছবি ‘পরি’। তাই করণ পরিকল্পনা করেছেন তাঁর অনুষ্ঠানে আনুশকাকে আমন্ত্রণ জানাবেন ছবির সহপ্রযোজক প্রেরণা অরোরার সঙ্গে। নিজের ছবির প্রচারের সুযোগ পেলে আনুশকা তো আর করণকে ফিরিয়ে দিতে পারবেন না। আর এই দুই নারীর সঙ্গে হয়তো বিরাট অংশ নেবেন অনুষ্ঠানের শেষ দিকে।
দর্শক আপাতত অপেক্ষায় থাকুন। ব্যাটে-বলে মিলে গেলে এই টক শোর সোফায় ‘বিরুশকা’র দেখা মিলবে। বলিউড হাঙ্গামা