'বৃষ্টি ডান্সে' জন্মদিন পালন অ্যামি জ্যাকশনের

গতকাল শুক্রবার ২৮ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকশন। সন্তান জন্মের পর প্রথম জন্মদিন পালন করলেন দেশের বাইরে। আর বৃষ্টিতে নেচে–গেয়ে জন্মদিন অন্যভাবে পালন করলেন বিয়ের আগেই মা হওয়া এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন ফ্যানদের জন্য। ছবিটিও ভাইরাল হয়েছে নিমেষেই।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের সিসিলিতে বৃষ্টিতে নেচে জন্মদিন পালন করলেন অ্যামি জ্যাকশন। সেই ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আপাতত দক্ষিণ আফ্রিকায় স্বামী ও ছেলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন।

গত বছর ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি। জন্মদিনের শুরুতে অবশ্য সদ্য মা হওয়া অ্যামি জ্যাকশন শেয়ার করেছিলেন কয়েকটি অন্য ধরনের ছবি। সেসব ছবির ক্যাপশন লিখেছিলেন, সত্যিকারের জীবন বনাম ইনস্টাগ্রাম জীবনের কথা। ছেলের ছুটি উদ্যাপনের ছবিও শেয়ার করেছেন তিনি। সদ্য মা হওয়ার অ্যামির পরের ছবি নজর কাড়ে নেটিজেনের। পরে বৃষ্টিতে নেচে জন্মদিন পালনের ছবি পোস্ট করেন অ্যামি জ্যাকশন।
অ্যামি জ্যাকশন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। যদিও এটা আমার জন্য প্রয়োজন ছিল। হঠাৎ বিকেলে ইচ্ছা অনুযায়ী কিছু খাবার খেতে এই ভালো লাগছে, তো আবার কয়েক সপ্তাহ পরই সেটা বিরক্তিকর হয়ে উঠছে। এ ধরনের মানসিকতা যখন হয় তখন তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এই সময়ে কাজের বাইরে কিছুটা সময় ব্যয় করা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতি খুব শক্তিশালী।

এর আগে গর্ভাবস্থায় নিজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছিলেন অ্যামি জ্যাকসন। সন্তান জন্মদানের পর বাচ্চার ছবিও ইন্টারনেটে প্রকাশ করে আলোচনায় আসেন। নবজাতককে নিয়ে হাসপাতালে থাকাবস্থায়ই ভক্তদের জন্য ছবি শেয়ার করেছেন অ্যামি। বন্ধু জর্জ পানায়েতু ও সন্তানের ছবি অ্যামি প্রায়ই শেয়ার করেন। সন্তান জন্মের পর্ব শেষ হওয়ায় পরে জর্জের সঙ্গে সংসার পাতবেন বলেও জানিয়েছিলেন। গত বছর জর্জ ও অ্যামির বিয়ের কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে গেছেন তাঁরা। এ বছর জর্জের সঙ্গে বিবাহবন্ধনে এই অভিনেত্রী আবদ্ধ হবেন বলে জানা গেছে।
২০১১ সালে বলিউডে ‘এক দিওয়ানা থা’ ছবি দিয়ে অভিষেক অ্যামি জ্যাকশনের। তামিল, তেলেগু ও কন্নড ছবির এই অভিনেত্রী বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি ২.০ তে রজনীকান্ত, অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন। শঙ্কর পরিচালিত ২.০ ছবিতে অ্যামি ছিলেন রোবটের চরিত্রে।