'বোম্বে টকিজ'র দ্বিতীয় কিস্তি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বোম্বে টকিজ’ ছবির পোস্টার
‘বোম্বে টকিজ’ ছবির পোস্টার

ভারতীয় সিনেমার শতবর্ষ পূর্তিতে ভিন্নধর্মী একটি সিনেমা তৈরি হয়েছিল ‘বোম্বে টকিজ’ নামে। তখন সালটা ২০১৩। এবার চার বছর পরে ২০১৭ সালে তৈরি হচ্ছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।

চারজন পরিচালকের চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে তৈরি করা হয় ‘বোম্বে টকিজ’। জোয়া আখতার, করণ জোহর, অনুরাগ কাশ্যাপ ও দিবাকর ব্যানার্জি বানিয়েছিলেন চারটি স্বল্পদৈর্ঘ্য। জোয়া আখতার তৈরি করেছিলেন ‘শিলা কি জওয়ানি’, করণ জোহর বানান ‘আজিব দাস্তান হ্যায় ইয়ে’, অনুরাগ কাশ্যাপ তৈরি করেন ‘মুরাব্বা’ আর দিবাকর ব্যানার্জি তৈরি করেন ‘স্টার’। সিনেমাগুলো বেশ আলোচিত হয় এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। প্রযোজকদের সূত্র বলছে, এবারও চারটি সিনেমা নিয়েই তৈরি হবে দ্বিতীয় কিস্তি। চারটি ছবির প্রযোজনা-পূর্ব প্রস্তুতি চলছে। এই পদ্ধতিতে সিনেমা তৈরির বিষয়টি আলোচিত হওয়ার পর থেকেই দ্বিতীয় কিস্তি বানানোর কথা ভাবছিলেন তাঁরা।

তাই চার পরিচালককে আবার একসঙ্গে কাজ করাতে চান প্রযোজকেরা। পরিচালকদের প্রস্তাব দেওয়ার পর তাঁরাও রাজি হয়েছেন। তবে ‘বোম্বে টকিজ’ নামটি আর থাকছে না। খুব শিগগিরই শুটিং শুরু হবে। এখন অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়ার কাজ চলছে। মুক্তি দেওয়ার কথা আছে বছরের শেষ দিকে। মিড-ডে