'ব্ল্যাক' ছবিতে পারিশ্রমিক নেননি অমিতাভ

২০০৫ সালের আজকের দিনে মুক্তি পেয়েছিল বলিউড ছবি ‘ব্ল্যাক’। আজকের দিনে ছবিটি পার করল ১২টি বছর। মুক্তির এই দিনে ছবির অভিনেতা অমিতাভ বচ্চন কিছুটা নস্টালজিক হয়ে গেলেন। টুইট করলেন, ছবি পোস্ট করলেন, করলেন কিছু স্মৃতিচারণ।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবিটি মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। প্রশংসাও পেয়েছিল অনেক। ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। কিন্তু ছবিটির জন্য কোনো পারিশ্রমিক নেননি বিগ বি। ছবিটির একটি অংশ হওয়াটাই ছিল তাঁর কাছে পারিশ্রমিক হিসেবে যথেষ্ট। এমনকি ছবিটি শুটিংয়ের একপর্যায়ে আগুনে পুড়ে যায় সেট। মন খারাপ হয়ে যায় বানসালির। কিন্তু ছবির অভিনয়শিল্পী অমিতাভ ও রানি মুখার্জি বানসালির বাড়ি যান। তাঁকে কথা দেন, আবার শুটিং করবেন। শুটিং করেছিলেন, ছবিটি মুক্তি পেয়েছিল, কেড়েও নিয়েছিল দর্শকের হৃদয়। শৈশবের স্মৃতিকেও যেন মনে করিয়ে দিয়েছিল অমিতাভকে। বললেন, ছবিটি তাঁর শৈশবের স্বপ্নগুলোকে উপলব্ধি করার একটি সুযোগ তৈরি করে দিয়েছিল।
ছবিতে সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন হালের তারকা অভিনেতা রণবীর কাপুর। অমিতাভ বচ্চন ও রানি মুখার্জিসহ অভিনয় করেন আয়েশা কাপুর, শেরনাজ প্যাটেল, নন্দনা সেন প্রমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস