'ভক্ত' শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজনীকান্ত ও ‘ভক্ত’ শাহরুখ খান
রজনীকান্ত ও ‘ভক্ত’ শাহরুখ খান

প্রত্যেক মানুষেরই একজন নিজস্ব ‘রিয়েল লাইফ হিরো’ বা বাস্তবের নায়ক থাকে। তা সে বাস্তবেরই হোক কিংবা চলচ্চিত্রের। পছন্দ, ভালোবাসা আর ভক্তি—এ বিষয়গুলোই নির্বাচন করে সেই নায়ককে। বলিউডের ‘কিং খান’খ্যাত সুপারস্টার শাহরুখেরও এমন একজন ‘নায়ক’ বা ‘রিয়েল লাইফ হিরো’ আছেন। শাহরুখ খান যাঁর একনিষ্ঠ ভক্ত।


সম্প্রতি তারকা অভিনেতা শাহরুখ তাঁর সেই স্বপ্নের, আদর্শের নায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি টুইটারে এ বিষয়টি নিয়ে টুইটও করেছেন এই ‘দিলওয়ালে’ তারকা।

টুইটারে শাহরুখ খান লিখেছেন, ‘রজনী স্যার, আমি কোনো তারকা নই, আপনার অসংখ্য গুণগ্রাহী ভক্তের একজন মাত্র।’

বিশ্বে যে তারকার অসংখ্য ভক্ত সেই তিনিই কিনা তাঁর বাস্তব জীবনের ‘হিরো’ বা নায়ককে শ্রদ্ধা জানিয়ে এ কথা বললেন!

সম্প্রতি শাহরুখ খান তাঁর নতুন ছবি ‘ফ্যান’-এর ছয়টি গানের একটি গান উৎসর্গ করেছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে। বাকি পাঁচটি গান তিনি উৎসর্গ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, ভোজপুরি সংগীতশিল্পী মনোজ তেওয়ারি ও কলকাতার জনগণকে।

শাহরুখ খান যিনি নির্মাতা মনীশ শর্মার ‘ফ্যান’ ছবিতে একজন ‘ভক্ত’ হিসেবে অভিনয় করছেন, তাঁর বাস্তবের নায়ক রজনীকান্তকে শ্রদ্ধা জানানোর সময় তাঁকে বলেন, ‘আমি আপনার অগণন ভক্তেরই একজন মাত্র।’

শাহরুখ খান আরও জানান যে তিনি যশ চোপড়ারও ‘চির ভক্ত’। শাহরুখ খান নির্মাতা যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর জারা’ ও ‘যব তক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেছেন। এনডিটিভি।