'ভাইকে ধন্যবাদ জানাতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তাঁরা রাজত্ব পাট বসিয়েছেন বহুদিন হলো। তাঁদের রাজত্বকালে এসেছে নতুন অনেক রাজপুত্র। সবাই হুমকি দিয়েছে, শোরগোল তুলেছে, অনেকে হারিয়েও গেছেন। কিন্তু বলিউড সাম্রাজ্যের সিংহাসন থেকে এই তিনজনকে সরাতে পারেনি কেউ। বলছি সালমান খান, শাহরুখ খান আর আমির খানের কথা। তিন ‘খান’ দুই যুগেরও বেশি সময় ধরে মাতিয়ে রেখেছেন বলিউড। এই তিন খানে মনপ্রাণ দিয়ে বসেছেন কত অজস্র তরুণী। কত অন্ধভক্ত প্রতিদিন করে বেড়াচ্ছেন আজগুবি সব কাণ্ড। তিন খানের জন্য ভক্তদের ভালোবাসা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ আয়োজন। আজ প্রকাশিত হচ্ছে এই আয়োজনের প্রথম পর্ব, প্রথম দিনে থাকছেন সবার ‘ভাই’ সালমান খান
সালমানকে দেখার জন্য বাইরে অপেক্ষারত ভক্তরা। ছবি: লেখক
সালমানকে দেখার জন্য বাইরে অপেক্ষারত ভক্তরা। ছবি: লেখক

সন্ধ্যা পাঁচটা। এই সময় মুম্বাইয়ে সাধারণত আলো ঝলমল করে। কিন্তু এখন বর্ষা এখানে। তাই এদিন আকাশের মুখও কালো। মাঝেমধ্যেই ঝমঝম করে বৃষ্টি। অশান্ত আরব সাগর। বলিউডের ভাইজান সালমান খানের বহুতল ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের সামনে কয়েক শ মানুষকে নিয়ে যেন জন্ম নিয়েছে একটুকরো জনসমুদ্র। আরব সাগরের মতো তারাও অশান্ত। পুলিশের কড়া পাহারা, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে নয় থেকে নব্বই নারী-পুরুষ তাঁদের প্রিয় ‘সাল্লু’ ভাইয়ের প্রতীক্ষায়।
কয়েক ঘণ্টা পরেই সালমান খানের বাড়ির গণেশ ঠাকুর বের হবেন বিসর্জনের পথে। তারই সাজ সাজ রব চলছে ‘গ্যালাক্সি’-র সামনে। তবে বলিউডের ভাইজানের বহুতলের সামনে রোজই কয়েক শ মানুষ থাকে অন্তহীন অপেক্ষায়। দিন গড়িয়ে রাত হয়ে যায় তবুও তাঁদের প্রতীক্ষা শেষ হয় না। শুধু দেখা না, একটু সাহায্যের আশায় দূর-দূরান্ত থেকে ছুটে আসে সহায়-সম্বলহীন মানুষেরা। গরিব অসুস্থ মানুষের পাশে দাঁড়ান সালমান। খালি হাতে সাধারণত কাউকে ফেরান না তিনি। ভিড়ের মধ্যে থেকে এ রকমই একজন ছুটে এলেন। মধ্যপ্রদেশের নীলম সিং। আমার কাছে এসে বললেন, ‘আপনি তো সাংবাদিক। সালমান খানকে শুধু একটা ধন্যবাদ জানাতে সেই মধ্যপ্রদেশ থেকে ছুটে এসেছি। আজ ওনার দয়ায় আমি কানে শুনতে পাই। আজ থেকে আট বছর আগে ৯ লাখ টাকা দিয়েছিলেন আমার চিকিৎসার জন্য। হাসপাতালে দেখতেও এসেছিলেন। আমার সঙ্গে ছবিও আছে। কিন্তু তখন কথা বলতে পারছিলাম না বলে ওনাকে একটা “ধন্যবাদ” জানাতে পর্যন্ত পারিনি। আজ ছুটে এসেছি শুধু এই কারণে। নিরাপত্তারক্ষীরা এবং পুলিশ কাছে যেতে দিচ্ছে না। আপনার সঙ্গে সালমানের দেখা হলে আমার পক্ষ থেকে ভাইকে শুধু ধন্যবাদ জানিয়ে দেবেন।’

এই বারান্দাতেই সবার নজর থাকে। ছবি: লেখক
এই বারান্দাতেই সবার নজর থাকে। ছবি: লেখক

একনিশ্বাসে নীলম কথাগুলো বলে গেলেন। নীলমের মতো অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাঁদের প্রিয় তারকাকে শুধু কৃতজ্ঞতা জানাতে, কেউ বা একটু সাহায্যের আশায়, আবার কেউ বা চোখের দেখা দেখতে। প্রতি রোববার সন্ধ্যা ছয়টায় খান খানদান থেকে কেউ না কেউ আসেন গ্যালাক্সির বারান্দায় অপেক্ষারত ভক্তদের সঙ্গে মোলাকাত করতে। সালমানের শুটিং না থাকলে তিনিও নিয়ম করে আসেন তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করতে। এ পরিবার সাধারণত কাউকে নিরাশ করে না।
মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডে আরব সাগরের তীরে দাঁড়িয়ে আটতলের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। এই বহুতলেরই প্রথমতলের বাসিন্দা বলিউড সুলতান সালমান খান। গ্যালাক্সির দুটি ফ্ল্যাট নিয়ে আজ চার দশক ধরে বসবাস করছেন সেলিম খান (সালমানের বাবা) তাঁর পরিবার নিয়ে। সালমানের শৈশব থেকে বড় হয়ে ওঠা এই বহুতলের আনাচকানাচে। আজ তাঁর সাধারণ থেকে অসাধারণ হওয়ার নানান স্মৃতি বহন করে চলেছে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’, যা মুম্বাই দর্শনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সালমান খ্যাতির চূড়ায় গিয়েও ছাড়েননি এই ঠিকানা। আজও তিনি তাঁর পরিবারের মাঝে থাকতেই পছন্দ করেন। দিনের শেষে এটাই এই তারকার শান্তির নীড়।

বৃষ্টি-বাদলাও দর্শনার্থীদের আগ্রহ কমাতে পারেনি বিন্দুমাত্র। ছবি: লেখক
বৃষ্টি-বাদলাও দর্শনার্থীদের আগ্রহ কমাতে পারেনি বিন্দুমাত্র। ছবি: লেখক

সালমানের নিজস্ব এক বেডরুমের ফ্ল্যাটটিতে খোলা রান্নাঘর। সালমানের বসার ঘরে দেয়ালের নানান জায়গায় ঝোলানো তাঁরই হাতের আঁকা ছবি। এই ফ্ল্যাটের বারান্দাটি তাঁর অত্যন্ত প্রিয়। এই বারান্দায় দাঁড়িয়ে তিনি উপভোগ করেন অন্তহীন আরব সাগর এবং দেখা করেন তাঁর অগুনতি অনুরাগীর সঙ্গে। মুম্বাই থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে পানভেলে আছে সেলিম এবং সালমানের বিশাল ফার্ম হাউস। এই ফার্ম হাউসের মধ্যে আছে তিনখানা বাংলো, সুইমিংপুল এবং জিম। সুযোগ পেলেই শহুরে ব্যস্ততা থেকে দূরে থাকতে সালমান চলে যান তাঁর প্রিয় ফার্ম হাউসটিতে। তবে বলিউডের সুলতান হয়েও বিলাসবহুল প্রাসাদ নয়, ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর এক কামরার ফ্ল্যাটটি তাঁর সেরা আশ্রয়।