'ভাইজানের' প্রেমিকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বয়সটা পঞ্চাশের ঘরে। এখনো ভাইজান ব্যাচেলর। তাতে কী? প্রেম তো চলছে দিব্যি। বলিউডে এসেই সেই যে জড়িয়ে গেলেন প্রেমে, এখনো চলছে। সংগীতা বিজলানিকে দিয়ে প্রেমের শুরু। এখন প্রেম চলছে ইউলিয়া ভানতুরের সঙ্গে। মাঝখানে এসেছিলেন অনেকেই। পরে হয়ে গেছেন বন্ধু। সেই প্রেমিকাদের নিয়ে এবারের আয়োজন।

সংগীতা বিজলানি
প্রথমবারের মতো ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হলো গুঞ্জন। এটা তখনই ঘটে, যখন সালমানের জীবনে সংগীতা বিজলানির নামটি যুক্ত হয়। তারপর থেকে সিনেপাড়া, কি এর বাইরে, সব জায়গায়ই দুজন একসঙ্গে। এটা চাউর হয়ে যায় যে সংগীতা ঘর বাঁধছেন সাল্লু ভাইয়ের সঙ্গে। কিন্তু সে আর হয়নি। সংগীতার ঠিকানা হয় ক্রিকেটার আজহারউদ্দিনের ঘর। গুঞ্জন চলে, সালমান নাকি সংগীতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।

সোমি আলী
সংগীতার সঙ্গে ছাড়াছাড়ি। তাই বলে সালমান খান কিন্তু থেমে নেই। সালমান ধরা পড়েন সোমি আলীর বাহুডোরে। পাকিস্তানি সাংবাদিক-অভিনেত্রী সোমি অবশ্য সালমানের প্রেমে পড়েন কৈশোরেই। অবশ্য সোমির বাবা এই প্রেমে ছিলেন একেবারেই নাখোশ। কিন্তু এই প্রেমও টেকেনি সাল্লু ভাইয়ের। অতিরিক্ত মদ্যাসক্তির কারণ দেখিয়ে সরে পড়েন সোমি।

ঐশ্বরিয়া রাই
সঞ্জয় লীলা বানশালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই। নায়ক সালমান খান। প্রথম দেখায় মনে ধরে যায় ভাইয়ের। ঐশ্বরিয়া রাই প্রকাশ্যে তাঁদের প্রেমের ব্যাপারে কোনো কিছু না বললেও প্রেমের কথা চাউর হয়ে গেছে বলিউড দুনিয়ায়। তবে টেকেনি তা-ও। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে এখন যুক্ত হয়েছে বচ্চন শব্দটি। বচ্চন পরিবারের বধূটির একটি মেয়েও আছে। নাম তার আরাধ্য।

ক্যাটরিনা কাইফ
‘বুম’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু ক্যাটরিনা কাইফের। আজকের ক্যাটরিনা হতে সাবেক প্রেমিক সালমানের অবদান কম নয়। বলিউডের ছবি বাগিয়ে নিতে সাবেক প্রেমিক সালমান বেশ সাহায্য করেছেন ক্যাটকে। এরপর আর কী? ক্যাটরিনা বলে ফেললেন সালমানের সঙ্গে প্রেমের কথা। তবে টেকেনি এই প্রেমও। সালমান জড়িয়ে গেলেন ক্যাটরিনার কপি জেরিন খানের সঙ্গে, আর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে।

ইউলিয়া ভানতুর
এই মুহূর্তে সালমান খানের প্রেমিকা রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া ভানতুর। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। ফটোশিকারিদের ছবি দিয়ে তার প্রমাণ মিলেছে। সালমান-ইউলিয়া প্রেমের গুঞ্জন এখন সিনেপাড়ার ‘টক অব দ্য টাউন’।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া