'ভূত' তাড়ালেন সালমান!

ছাপাখানার ভূতের কথা সর্বজনবিদিত। কিন্তু তাই বলে হিন্দি ছবির ভূত! তাও একেবারে ভয়ডর নেই!! রীতিমতো ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খানের ছবির শুটিংয়ে উৎপাত শুরু করা। অবশ্য বিষয়টি জানতে পেরে শেষপর্যন্ত সে ভূত বিদায় করে দিয়েছেন সালমান খান।
সম্প্রতি সালমান খানের ‘সুলতান’ ছবির শুটিংয়ের সময় হোটেলের জানালায় রাতে নাকি উঁকি দিয়েছিল এমনই এক ‘ভূত’! সুলতানের শুটিং টিমের একজন তা দেখার পরপরই শুরু হয়েছিল যত গন্ডগোল।
ভূতের ভয়ে সেই কর্মী শেষপর্যন্ত দূরের আরেকটি হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল। বিষয়টি জানার পর কর্মীটিকে এই বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসেন নির্ভয় ‘বজরঙ্গি ভাইজান’ সালমান। সেই ভূতে ভিতু কর্মীটিকে দ্রুত তাঁর বাংলোর পাশেই থাকার ব্যবস্থা করে দেন তিনি।
এরপর থেকে অবশ্য আর কোনো ভূত-টুত দেখেননি সেই কর্মী, এখন বেশ ভালোই আছেন তিনি। এদিকে, সালমানের ভয়েই কিনা কে জানে এরপর থেকে সেই ভূতও আর দেখা দেয়নি কর্মীটিকে।
এ ঘটনার পর থেকে ‘সুলতান’ ছবির শুটিং দলের অধিকাংশ সদস্যই বিশ্বাস করছেন— সামনে আর কখনোই সেই ভূত দেখা মিলবে না।
বলিউডে ভূতের ছবি হয়েছে অনেকই। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছবিই নাম করেছে বাচ্চাকাচ্চাদের কাছে। স্বয়ং অমিতাভ বচ্চন ছবির গল্পে ভূত সেজেছেন কয়েকবার। অমিতাভ অভিনীত ‘ভূতনাথ’ এবং ‘ভূতনাথ রিটার্নস’ দুটি ছবিই অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। ভারতের রাষ্ট্রপতি স্বয়ং ভূতনাথ রিটার্নস দেখতে গিয়েছিলেন।
কিছু হিন্দি ভূতের ছবি আবার পুরোপুরি প্রাপ্তবয়স্কদের কাহিনিতে ঢুকে পড়া ভূতদের নিয়ে।
যা হোক, কাজের কথা আসা যাক, সুলতান ছবির এই ভূত যে খুব একটা ভালো কিসিমের ভূত নয়, তা স্পষ্ট বোঝা গেছে। তা ছাড়া, সে খানিকটা ভিতুও বটে। অবশ্য, একে তো বিখ্যাত কুস্তিগির সুলতানকে নিয়ে ছবি; তারপর এ ছবিতে আছেন সালমান খান। কাজেই ভুলে ঢুকে পড়া সেই ভূত নিশ্চিত বুঝে গেছে— এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছে সে। টাইমস অব ইন্ডিয়া।