'মাই নেম ইজ খান'-এ মুগ্ধ কোয়েলহো

২৩ বছরের অভিনয়জীবনে অনেকের অভিনন্দন কুড়িয়েছেন শাহরুখ খান। কিন্তু দ্য আলকেমিস্ট-খ্যাত পাওলো কোয়েলহো যদি তাঁর কাজের প্রশংসা করেন, তাহলে ব্যাপারটা অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। ব্রাজিলের এই সাহিত্যিক ৮ আগস্ট ভোরে তাঁর একটি টুইটে অভিনন্দন জানিয়েছেন বলিউডের সম্রাটকে। একই সঙ্গে তিনি অভিনন্দন জানিয়েছেন করণ জোহরকেও। কেননা, করণ জোহর পরিচালিত মাই নেম ইজ খান ছবিটি দেখেই এ প্রশংসা করেছেন পাওলো।

টুইটারে পাওলো লিখেছেন, ‘এ বছরে আমার দেখা সেরা ছবি মাই নেম ইজ খান।’ ছবির পরিচালক করণ জোহরও চটজলদি ধন্যবাদ জানিয়েছেন টুইটারে। পাওলো সেটারও জবাব দিয়ে শাহরুখ ও করণকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘মাই নেম ইজ খান-এর জন্য অভিনন্দন। যদি আমরা ইউরোপে আপনাদের আরও ছবি দেখতে পারতাম!’ এ ছবি দেখার জন্য এত বছর অপেক্ষা করতে হয়েছে বলে আক্ষেপও করেছেন পাওলো।
২০১০ সালে শাহরুখ-কাজল অভিনীত মাই নেম ইজ খান ছবিটি মুক্তি পায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।