'মাদারি'-এর পোস্টার চুরি!

বেশ জোরেশোরেই চলছে রজনীকান্তর ‘কাবালি’ ছবির প্রচার। বিশাল বাজেটের এই ছবি মুক্তির আগেই কামিয়ে নিয়েছে ২০০ কোটি রুপি। এর আগে ভারতের আর কোনো ছবির স্বত্ব মুক্তির আগে এত দামে বিক্রি হয়নি। কিন্তু সেই ছবিই কিনা চুরি করল অন্য এক ছবির পোস্টার? রজনীকান্ত অভিনীত এই ছবির একটি পোস্টার হুবহু মিলে গেছে ইরফান খানের ‘মাদারি’ ছবির অফিশিয়াল পোস্টারের সঙ্গে।
ইরফান খান এ প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেও এ বিষয়ে কিছু জানি না। আমরা ছোটখাটো নির্মাতা। জানতে পারলাম রজনীকান্তর ছবি আমাদের ছবির পোস্টারের নকশা চুরি করেছে। তবে এটা কোনো বড় বিষয় নয়। আপনারা আমার ছবিটিও দেখুন, তাঁরটাও দেখুন।’
ইতিমধ্যে ‘কাবালি’ সিনেমার বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পেয়েছে। তবে, রজনীকান্তের কিছু ভক্ত দাবি করছেন, চুরি করা পোস্টারটি এই ছবির অফিশিয়াল পোস্টার নয়। কোনো ভক্ত হয়তো নিজে থেকে এটি তৈরি করেছেন।
গত বছর সেপ্টেম্বর মাসে রজনীকান্ত তাঁর টুইটার অ্যাকাউন্টে এই ছবির অন্য দুটি পোস্টার প্রকাশ করেছিলেন। ‘কাবালি’ মুক্তি পাবে জুলাই মাসের ১৫ তারিখে। এনডিটিভি।