'মুন্না ভাই থ্রি' আসছে

সঞ্জুর ভক্তদের জন্য সুখবর। ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে স্বয়ং প্রযোজক মুখ খুলেছেন। বিধু বিনোদ চোপড়া বললেন, আগামী বছরেই শুটিং শুরু। চলছে পাণ্ডুলিপি লেখার কাজ।
২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির মাধ্যমে সিরিজটির যাত্রা শুরু। ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে তৈরি হয় সিরিজটির দ্বিতীয় ছবি ‘লাগে রাহো মুন্না ভাই’। এরপর তৃতীয় কিস্তির কথা উঠলেও সঞ্জয় দত্ত ১৯৯৩ সালে মুম্বাই শহরে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলে যাওয়ায় আর তৈরি হয়নি। এ বছর ফেব্রুয়ারিতে সঞ্জু জেল থেকে বের হলে তৃতীয় কিস্তি বানানোর গুঞ্জন ওঠে। এবার প্রযোজক ঘোষণা করলেন, ছবিটির পাণ্ডুলিপি লেখার কাজ চলছে।
প্রযোজক চোপড়াকে ‘মুন্না ভাই থ্রি’ সঞ্জয় দত্তের ক্যারিয়ারে সাফল্য আনবে কি না জিজ্ঞাসা করলে প্রযোজক বলেন, ‘হ্যাঁ, আমি নিশ্চিত। অবশ্যই। এটার পুরোনো কিস্তি সাফল্য বয়ে এনেছে। সঞ্জু দারুণ অভিনেতা। তাঁকে সেরাটাই মানায়।’ ছবিতে সঞ্জয় অভিনয় করেন মুরলি প্রসাদ শর্মার চরিত্রে। তাঁর সহকারী হিসেবে থাকেন সার্কিট চরিত্রে আরশাদ ওয়ার্সি। কমেডি ঘরানার ছবি দুটি পরিচালনা করেন রাজ কুমার হিরানি। মিড ডে