'মুবারাকা'য় আথিয়া

২০১৫ সালে বলিউডপাড়ায় পা রাখেন সুনীল শেঠির মেয়ে আথিয়া। প্রথম ছবি ‘হিরো’তে আথিয়ার নায়ক ছিলেন সুরুজ পাঞ্চোলি। মাঝে একটা বছর কোনো নতুন ছবিতে কাজ করেননি আথিয়া। তবে তাঁর কাজের প্রসঙ্গে শোনা যাচ্ছিল নানা গুজব। শোনা যাচ্ছিল, বাবার সঙ্গে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আবার কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছিল, কোরিওগ্রাফার বসকো মার্টিস পরিচালিত প্রথম ছবি ‘সার্কাস’-এ অভিনয় করবেন আথিয়া। কিন্তু এসব খবরের একটিও ঠিক নয়। আথিয়ার পরবর্তী ছবি ‘মুবারাকা’। আর এই ছবিতে তাঁর নায়ক অর্জুন কাপুর।
২৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি নতুন ছবির শুটিং শুরু করার জন্য মুখিয়ে আছি। এটি খুবই মজার ও পাগলাটে ধাঁচের একটি বিয়ের গল্প নিয়ে তৈরি। ছবির চিত্রনাট্য পড়েই এই ছবিতে কাজ করতে আগ্রহী হই।’
তিনি আরও জানান, এই ছবিতে একজন সাধারণ পাঞ্জাবি মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
বাবা সুনীল শেঠিকে দেখেই নাকি অভিনয় করার শখ জাগে তাঁর। কাজের প্রতি বাবার একাগ্রতা আর পরিশ্রম আথিয়াকে এ কাজের প্রতি আগ্রহী করে তুলেছে।
‘মুবারাকা’ সিনেমায় আরও অভিনয় করছেন অনিল কাপুর। বাস্তবের মতো এই সিনেমাতেও তাঁকে দেখা যাবে অর্জুনের চাচার চরিত্রে। এনডিটিভি।