'মুম্বাইয়ের পর্বত'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন আব্রাহামের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিষেক বচ্চন।
জন আব্রাহামের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিষেক বচ্চন।

বিশালদেহী পেশিবহুল অভিনেতা হিসেবে সুপরিচিত বলিউডের জন আব্রাহাম। সম্প্রতি তাঁর শারীরিক অবয়ব নিয়ে মজার মন্তব্য করেছেন জনের সবচেয়ে কাছের বন্ধু ও সহকর্মী অভিষেক বচ্চন। জনকে ‘মুম্বাইয়ের পর্বত’ নামেই ডেকেছেন অভিষেক। 

‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সময় দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে অভিষেক ও জনের মধ্যে। এবার তাঁরা অভিনয় করছেন ‘হেরা ফেরি ৩’ ছবিতে। সম্প্রতি ছবিটির সেটে তোলা জনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিষেক। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
পেছন দিক থেকে তোলা জনের ছবিটি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় অভিষেক লেখেন, ‘মুম্বাইয়ের পর্বত। জন আব্রাহাম নামেও পরিচিত তিনি। ‘‘হেরা ফেরি ৩ ’’ ছবির সেটে।’
‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’। প্রিয়দর্শন পরিচালিত সিরিজের প্রথম ছবি ‘হেরা ফেরি’ মুক্তি পায় ২০০০ সালে। ছয় বছর পর মুক্তি পায় কমেডি ঘরানার ছবিটির সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’। পরিচালক ছিলেন নীরাজ ভোরা। এবার ‘হেরা ফেরি ৩’ ছবি পরিচালনা করছেন নীরাজ। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।
‘হেরা ফেরি ৩’ ছবিতে অক্ষয় কুমারের জায়গায় অভিনয় করছেন জন আব্রাহাম। আর নতুন একটি চরিত্রে অন্তর্ভুক্ত হয়েছেন অভিষেক বচ্চন। অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, সুনীল শেঠি, এষা গুপ্ত, নেহা শর্মা, কাদের খান প্রমুখ। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।