'যুদ্ধের নামই জীবন'

জীবনের ৫০টি বসন্ত কাটিয়ে এসে বলিউডের তারকা অভিনেতা সালমান খান বলেছেন, ‘জীবন মানে যুদ্ধ।’ ৫০তম জন্মদিনে তাঁর এই মন খারাপ করা মন্তব্যের কারণ সম্ভবত ঘাড়ের ওপর চেপে বসা মামলার বোঝা।
যদিও সম্প্রতি ‘গাড়ি চাপা’ মামলায় তাঁকে রেহাই দিয়েছেন বম্বে হাইকোর্ট। আদালতের রায় তাঁর পরিবারের মাথা থেকে বড় বোঝা নামিয়ে দিয়েছে বলে সেদিন মন্তব্য করেছিলেন বলিউডের এই দাবাং তারকা। কিন্তু এই আপাত স্বস্তির মধ্যে উদ্বেগও রয়েছে। এরই মধ্যে বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গিয়েছে মহারাষ্ট্র সরকার।
এ প্রসঙ্গে সালমান বলেছেন, ‘সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার মহারাষ্ট্র সরকারের রয়েছে। সুপ্রিম কোর্টেই তাদের জবাব দেব। যুদ্ধের নামই জীবন।’
তবে সালমানের জন্য জন্মদিনের দিনটি আনন্দেরই ছিল। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকা। লতা মুঙ্গেশকর শুরু করে সানি লিওন— বলিউডের অধিকাংশ তারকাই সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় যেমন আছেন সালমানের ‘দোস্ত’ অভিনেতা শাহরুখ খান, তেমনি আছেন পরিচালক ফারাহ খান, করণ জোহর, সনু নিগম, সুভাষ ঘাই, বিপাশা বসু, রিতেশ দেশমুখসহ আরও অনেকেই।
জন্মদিনে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘কিং খান’ শাহরুখ।
শাহরুখ লিখেছেন, ‘সালমান অসাধারণ সব কাজ করেছেন। তাঁর জীবনের অভিজ্ঞতাও অসাধারণ। অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাঁকে। তাঁর সুস্থ জীবন কামনা করি।’
সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক করণ জোহরও। তিনি লেখেন, ‘তোমার স্টারডম এবং ম্যানিয়া ঐতিহাসিক। আশা করি, সেই শক্তি সব সময় তোমার সঙ্গে থাকবে।’
জন্মদিনে সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘কিক’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। জ্যাকুলিন জানিয়েছেন, তিনি খুবই সহজ সরল। মন থেকে কোনো কিছুর প্রশংসা করেন তিনি।
সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির নায়িকা সোনালি বেন্দ্রে। তিনি বলেছেন, ‘সালমান মানুষ হিসেবে খুব বড় মনের।’
‘দাবাং’ ছবিতে সালমানের নায়িকা সোনাক্ষী সিনহাও শুভেচ্ছা জানিয়েছেন ‘চুলবুল পান্ডে’ সালমানকে। এর আগেও সোনাক্ষী জানিয়েছিলেন, ‘সালমান তাঁর অনুপ্রেরণা।’ তিনি বলেন, ‘সালমানকে আমি কী শুভেচ্ছা জানাব? তাঁর কাছে তো সবকিছুই রয়েছে। এই বয়সেও বহু মানুষের অনুপ্রেরণা তিনি। ৫০ বছরে তিনি যা কাজ করেন, দেখে মনে হয় ২৫ বছরের কেউ কাজ করছেন।’
সালমানকে জন্মদিনে তাঁকে ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান’ বলে উল্লেখ করেছেন তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির অভিনেত্রী সোনম কাপুর। তিনি বলেন, ‘মোটেও মনে হয় না, তাঁর ৫০ বছর বয়স। মনে হয় যেন কেবল সাতাশে পা রেখেছেন।’
সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনিল কাপুরও। ‘বিবি নম্বর ওয়ান’ ও ‘নো এন্ট্রি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাঁর দীর্ঘজীবনের শুভকামনা জানিয়েছেন তিনি।
সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনও। তিনি বলেছেন, ‘আমি সালমানের খুব বড় একজন ভক্ত। মানুষের সাহায্যে তিনি সবসময়ই এগিয়ে আসেন।’ এনডিটিভি। মিড-ডে।