'রইস'-এর অপেক্ষায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিরা খান ও শাহরুখ খান
মাহিরা খান ও শাহরুখ খান

পাকিস্তানে হিন্দি ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে। এরই মধ্যে সে দেশের প্রেক্ষাগৃহগুলোতে বলিউডের ছবি ‘কাবিল’ মুক্তি পেয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও মাহিরা অভিনীত ‘রইস’। এই ছবির অভিনেত্রী মাহিরা পাকিস্তানের মেয়ে। ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ করায় ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি তিনি। কিন্তু ভারতীয় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ তাঁর ঠিকই আছে।
সম্প্রতি একটি ভিডিও কলে এই অভিনেত্রী বলেছেন, ‘পাকিস্তানের সবাই এখন “রইস” দেখার অপেক্ষায়। আমার ধারণা, ছবিটি এই দেশেও অসাধারণ ব্যবসা করবে’।
তিনি আরও বলেন, ‘একটি বিষয় নিয়ে আমার ভয় আছে। এই ছবি তো কেউ আমার জন্য দেখবেন না, সবাই হলে যাবেন শাহরুখের জন্য। এমনকি আমার পরিবারের লোকেরাও শাহরুখের সঙ্গে আমার ছবি দেখবেন বলেই বেশি উচ্ছ্বসিত। অবশ্য এই ছবিতে অভিনয় করার পর আমি যে প্রশংসা পেয়েছি তার জন্য সত্যি আমি সত্যিই আনন্দিত।’
প্রিয় তারকার বিপরীতে অভিনয় করতে কতটা ভীত বোধ করছিলেন, মাহিরা সেই অভিজ্ঞতার কথাও জানান। শুটিংয়ের সময় নাকি তাঁর মাঝে মাঝে মনে হচ্ছিল, কেন তিনি শাহরুখের এত বড় ভক্ত হতে গেলেন? তা না হলে হয়তো ‘কিং খান’-এর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তাঁর পক্ষে কিছুটা সহজ হতো।
ভারতে মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি রুপির ক্লাবে নাম লিখিয়েছে ‘রইস’। এটি বছরের প্রথম ছবি যেটি ১০০ কোটি রুপি আয় করতে পেরেছে। ‘রইস’ পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। হিন্দুস্থান টাইমস