'রইস'-এর সঙ্গে যুদ্ধে 'কাবিল'

কারও বিয়ের দিন-তারিখ নিয়েও মনে হয় এত গোলমাল হয় না; বলিউডের আসছে দুই আলোচিত ছবি ‘রইস’ ও ‘কাবিল’ নিয়ে যতটা গোলমাল বেধেছে। কখনো ২৫, কখনো ২৬ আবার কখনো ২৭ জানুয়ারি নিয়ে টানাহেঁচড়া করছে দুই ছবির দল। শেষ পর্যন্ত দুটি ছবিরই মুক্তির তারিখ ২৫ জানুয়ারিতে গিয়ে ঠেকল।

প্রথমে ‘কাবিল’ মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ জানুয়ারিতে। ‘রইস’ মুক্তি পাওয়ার কথা ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারিতে। পরে দুটি ছবিরই মুক্তি পিছিয়ে ২৫ জানুয়ারি করা হয়। তবে ‘কাবিল’-এর শো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টা থেকে। কিন্তু আবার সিদ্ধান্ত বদলানো হয়। সেদিন সকাল থেকে সারা দিন ‘কাবিল’-এর শো চলবে।
দেখা যাক, শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে হৃতিক রোশনের ‘কাবিল’ দৌড়ে কতটা পাল্লা দিতে পারে। এর মধ্যেই শাহরুখ ও হৃতিক একই দিনে তাঁদের কিছু সংলাপের প্রোমো প্রকাশ করেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ‘রইস’ সংলাপ, গান আর নাচ দিয়ে ইতিমধ্যে দর্শক হৃদয় কেড়েছে। অন্যদিকে ‘কাবিল’-এ হৃতিকের চরিত্রটাও খুব শক্ত মনে হচ্ছে।
চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ সারা দিনব্যাপী ‘কাবিল’-এর শোয়ের সিদ্ধান্ত টুইট বার্তার মাধ্যমে জানিয়ে দেন। এখন প্রশ্ন, ‘রইস’-এর কলাকুশলীরা কি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন কোনো কৌশল নেবেন? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস