'রজনীকান্ত' জটিলতা
ছবির নাম ম্যায় হু রজনীকান্ত। যতই তাঁর নামে ছবিটার শিরোনাম হোক না কেন, ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি রজনীকান্তের। ছবির নাম পাল্টানোর জন্য আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। শেষে ছবির পরিচালক রজনীকান্তকে রাজি করাতে শুধু তাঁর জন্য বিশেষ একটা প্রদর্শনীর আয়োজন করেছিলেন। রজনীকান্ত নিজেই ছবিটা দেখুন। তারপর সিদ্ধান্ত নিন। কিন্তু তাতে জট খোলেনি। বরং আরও বেড়েছে। রজনীকান্ত সেই বিশেষ প্রদর্শনীতে আসেননি।
এ ব্যাপারে পরিচালক ফয়সাল সাইফের বক্তব্য, রজনীকান্ত ইচ্ছা করেই আসেননি। তবে রজনীকান্তের ব্যক্তিগত ব্যবস্থাপক বলেছেন, এই প্রদর্শনীর ব্যাপারে আগে থেকে রজনীকান্তকে কিছুই জানানো হয়নি। এ কারণে তিনি সেখানে যাননি।
পরিচালকের দাবি, ছবিটি রজনীকান্তের জীবনী কিংবা তাঁকে নিয়ে নয়। এ কারণে তাঁর পূর্বানুমতির প্রয়োজন বোধ তাঁরা করেননি। কিন্তু রজনীর আইনজীবীদের বক্তব্য, ভারতের চলচ্চিত্রে রজনীকান্ত একটি ‘ব্র্যান্ড’। এটি অন্যায়ভাবে অন্য কেউ ব্যবহার করতে পারে না। সব মিলে যে অসম্ভব জটিলতা, সেটা খোলা শুধু রজনীকান্তের পক্ষেই সম্ভব। আইএএনএস।