'রাম-লক্ষ্মণ'-এর রিমেক করছেন না করণ-রোহিত

১৯৮৯ সালের জনপ্রিয় হিন্দি ছবি ‘রাম–লক্ষ্মণ’ তৈরি করেছিলেন নির্মাতা সুভাষ ঘাই। সেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, রাখি গুলজার ও ডিম্পল কাপাডিয়া। অনেক দিন ধরেই এই ছবির রিমেক নির্মাণের কথা শোনা যাচ্ছিল। বলিউডের দুই তারকা নির্মাতা করণ জোহর ও রোহিত শেঠি একসঙ্গে এই ছবির রিমেক তৈরি করবেন বলেও ঘোষণা এসেছিল ২০১৪ সালে। কিন্তু এখন আর সে কাজটি হচ্ছে না। সম্প্রতি রোহিত নিজেই এ খবর দিয়েছেন।
প্রথমবারের মতো বলিউডের এই দুই বড় নির্মাতা একসঙ্গে কোনো কাজ করতে যাচ্ছেন ভেবে দর্শকদের উৎসাহের কোনো কমতি ছিল না। কিন্তু এত ঢাকঢোল পেটানোর পর হুট করে কেন তাঁরা এ সিদ্ধান্ত থেকে সরে এলেন তা এখনো অজানা। তবে, দর্শকদের পুরোপুরি নিরাশ হওয়ারও কিছু নেই। কারণ ‘রাম–লক্ষ্মণ’-এর রিমেক নিয়ে কাজ না হলেও এই দুই নির্মাতা অন্য আরেক প্রকল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন। শিগগিরই সেই কাজের ঘোষণা দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রোহিত।
এই প্রসঙ্গে মজা করে এই ‘চেন্নাই এক্সপ্রেস’ নির্মাতা মন্তব্য করেন, ‘দর্শকেরা না–হয় আমাকে আরও কয়েকটা দিন মিস করুক। আমি নতুন কোন কাজ করতে যাচ্ছি, তা সামনের মাসে জানাব। করণ আর আমি মিলে “রাম–লক্ষ্মণ” তৈরি করছি না। তবে আমরা অন্য কিছু করব। আর কিছুদিনের মধ্যেই তা সবাইকে জানিয়ে দেব আমরা।’
সূত্র : বলিউড হাঙ্গামা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস