'রাম' হচ্ছেন শহীদ, 'লক্ষ্মণ' রণবীর

বলিউডের ১৯৮৯ সালের সাড়া জাগানো ‘রাম-লক্ষ্মণ’ ছবির রিমেক হচ্ছে। যদিও এই খবর বেশ কিছুদিন আগের। কিন্তু সম্প্রতি এ ছবিসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ছবির ‘রাম’ চরিত্রটির জন্য হৃতিক রোশন, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার কথা অনেকে বললেও এ ছবির ‘রাম’ হতে যাচ্ছেন শহীদ কাপুর। আর ‘লক্ষ্মণ’ চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।
এর আগে ‘লক্ষ্মণ’ চরিত্রটির জন্য বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও রণবীর সিংয়ের নাম এই তালিকায় এসেছিল। ১৯৮৯ সালের ‘রাম-লক্ষ্মণ’ ছবিতে ‘রাম’ চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ আর ‘লক্ষ্মণ’ চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর।
বিষয়টি নিয়ে এ ছবির নির্মাতা রোহিত শেঠি যদিও এখনো কোনো কথা বলেননি। তবে সূত্রটি জানিয়েছে, যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনো এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছি। কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।’
যা হোক, সূত্রটি জানিয়েছে, ১৯৮৯ সালের ‘রাম-লক্ষ্মণ’ ছবিতে মাধুরী দীক্ষিত ও ডিম্পল কাপাডিয়া যে দুটি চরিত্রে অভিনয় করেছিলেন, রিমেক ‘রাম-লক্ষ্মণ’ ছবির সেই দুটি চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা।
সূত্রটি আরও জানিয়েছে, রিমেক ছবির ‘রাম’ ও ‘লক্ষ্মণ’ চরিত্র দুটির জন্য এরই মধ্যে শহীদ কাপুর ও রণবীর সিংকে চূড়ান্ত করা হয়েছে। বাকি বিষয়গুলো চূড়ান্ত হলেই নির্মাতা রোহিত একসঙ্গে এ-সংক্রান্ত ঘোষণাটি দেবেন। মিড-ডে। এনডিটিভি।