'লক্ষের সঙ্গে টাবু জড়িয়ে পড়েছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষকে নিয়ে তুষার কাপুর ও টাবু
লক্ষকে নিয়ে তুষার কাপুর ও টাবু

লক্ষের সঙ্গে টাবুর এক অদ্ভুত রসায়ন তৈরি হয়েছিল। পুত্র লক্ষকে ঘিরে এ রকমই নানা কথা বললেন অভিনেতা তুষার কাপুর। সম্প্রতি রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন বলিউড তারকা তুষার কাপুর। বলিউডের প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর ছেলে তুষার তাঁর আগামী ছবি ‘গোলমাল অ্যাগেইন’-এর পাশাপাশি লক্ষকে ঘিরে বিভিন্ন মুহূর্তের কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন।

তুষার কাপুর বলেন, ‘সারোগেসির প্রক্রিয়ায় সন্তান নেওয়ার কথা আমাকে প্রথম চিত্রপরিচালক প্রকাশ ঝাঁ বলেন। প্রকাশের সঙ্গে গাড়িতে করে চেন্নাই থেকে তিরুপতি যাচ্ছিলাম। তখন প্রকাশ বলে, “বয়স বেড়ে যাচ্ছে, এবার বাচ্চা দত্তক নিয়ে নাও। দত্তক ছাড়া সারোগেসি প্রক্রিয়াতেও বাচ্চা নিতে পারো।” তবে এই ভাবনার কথা আমার মাথায় অনেক দিন ধরেই চলছিল। আমার এই সিদ্ধান্তে পরিবারকে পাশে পেয়েছি। প্রথমে ভেবেছিলাম, আমার ছেলে লক্ষ আসার পর অনেক সমালোচনা হবে। কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু, সংবাদমাধ্যম, বলিউডসহ সবাই খোলা মনে আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’

তুষার কাপুর এ প্রসঙ্গে আরও বলেন, ‘শুটিংয়ের সময় লক্ষকে সেটে নিয়ে গেছি। এমনকি আউটডোর শুটিংয়ে ও আমার সঙ্গেই থাকত। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আউটডোরের সেই পরিবেশ লক্ষ খুব উপভোগ করেছে। আর সেই সূত্রে ‘গোলমাল’ টিমের সঙ্গে ওর দারুণ বন্ডিং তৈরি হয়। বিশেষ করে টাবুর সঙ্গে। লক্ষের সঙ্গে টাবু জড়িয়ে পড়ে। শুটিং শেষে টাবু নিয়ম করে লক্ষের সঙ্গে সময় কাটাতে আসত। আর বাচ্চারাও বোঝে, কে তাকে ভালোবাসে। তাই লক্ষ টাবুকে খুব পছন্দ করত।’

লক্ষ কার কাছ থেকে বেশি উপহার পেয়েছে? তুষার বলেন, ‘আমার বোন একতা লক্ষকে উপহার দিতেই থাকে। লক্ষের সঙ্গে ও খুব অ্যাটাচড। লক্ষের খেয়াল রাখবে বলে একতা বাড়িটাকেই প্রায় অফিস বানিয়ে ফেলেছে। আমার মা-বাবাও তাঁদের নাতির প্রতি ভীষণ যত্নশীল।’ তিনি আরও বলেন, ‘কারিনা আর আমি ছয় মাস শুধু বাচ্চা বড় করা নিয়ে নানা আলোচনা করে গেছি। আমরা দুজনে বাচ্চাসংক্রান্ত খুঁটিনাটি নানা বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি।’

২০ অক্টোবর মুক্তি পাবে রোহিত শেঠি প্রযোজিত ও পরিচালিত ‘গোলমাল’ সিরিজের চতুর্থ ছবি ‘গোলমাল অ্যাগেইন’। ‘গোলমাল’ সিরিজে তুষার কাপুরের চরিত্রের নাম ‘লাকি’। খুবই জনপ্রিয় চরিত্র। ছবিতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, শ্রেয়াস তালপাড়ে, পরিণীতি চোপড়া, টাবু, জনি লিভার, মুকেশ তিওয়ারিসহ অনেকে।