'লিক'-এর খপ্পরে 'গেম অব থ্রোনস'

‘মোস্ট পাইরেটেড শো’ হিসেবে ১ নম্বর আসনটি ‘গেম অব থ্রোনস’–এর। এ খবরে গেম অব থ্রোনস কর্তৃপক্ষ খুশি হতে পারে। কারণ এটি প্রমাণ করে, ধারাবাহিকটির চাহিদা বিশ্বজুড়ে তুঙ্গে। কিন্তু কে জানত, এই অনলাইন পাইরেসিই তাদের কাল হয়ে দাঁড়াবে?
সাধারণত প্রতিবার পর্বগুলো প্রচার হওয়ার পর টরেন্ট ও অন্যান্য অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের ভক্তরা ডাউনলোড করে দেখেন। এবার প্রচারের আগেই হ্যাক হয়ে গেল সপ্তম মৌসুমের চতুর্থ পর্ব। এইচবিও ইন্ডিয়ার কাছ থেকে প্রায় দেড় টেরাবাইট তথ্য হ্যাক হয়ে যায়। এর মধ্যে ধারাবাহিকটির ওই পর্বও ছিল। আমেরিকায় সম্প্রচারের পর পর্বগুলো ভারতে দেখানো হয়। ভারতে সিরিজটির বিপণনের দায়িত্ব ছিল স্টার টিভির।
স্পেনে ঘটল আরেক ঘটনা। স্বয়ং এইচবিও চ্যানেলই সপ্তম মৌসুমের ষষ্ঠ পর্ব প্রচার করে ফেলল। স্পেনের এইচবিও ও নর্ডিক অঞ্চলের এইচবিও ষষ্ঠ পর্ব প্রচারের চার দিন আগেই এই ভুলটা করে বসল। স্পেন ও নর্ডিক অঞ্চলে সাবস্ক্রাইবের মাধ্যমে এইচবিওতে এক ঘণ্টা ধরে পর্বটি দেখা যায়। এরপর ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ পর্বটি সরিয়ে ফেলে। ততক্ষণে অনলাইনে ছড়িয়ে যায়। ভাইরাল হওয়ার জন্য এক ঘণ্টাই যথেষ্ট। অবশ্য নর্ডিক অঞ্চলে এমনটি কিন্তু এবারই প্রথম ঘটেনি। ষষ্ঠ মৌসুমের একটি পর্বও কয়েক ঘণ্টা আগে প্রচার করা হয়েছিল।
মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস আ সং অব আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক। সূত্র: ইনডিপেনডেন্ট।