'শাহেনশাহ'র জায়গা দখল করলেন 'বাদশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন

• কে বেশি জনপ্রিয়—অমিতাভ বচ্চন নাকি শাহরুখ খান?
• টুইটারে শাহরুখ খানের অনুসারীর সংখ্যা আগের মতোই আছে।
• হঠাৎ কিছু অনুসারীকে টুইটার থেকে হারিয়ে ফেলেছেন ‘বিগ বি’।

কে বেশি জনপ্রিয়—অমিতাভ বচ্চন নাকি শাহরুখ খান? যদিও দুজন দুই প্রজন্মের অভিনেতা। তবে প্রশ্নটি প্রায়ই ঘুরপাক খায় মানুষের মনে। এ কথা মানতে হবে, অমিতাভ আর শাহরুখ, যে যাঁর জায়গায় সেরা। একজনকে দিয়েছে বলিউডের ‘শাহেনশাহ’র খেতাব, আরেকজনকে বানিয়েছে ‘বাদশা’। তবে ইদানীং ভার্চ্যুয়াল জগতের ‘লাইক’, ‘কমেন্ট’ দিয়েও তারকাদের জনপ্রিয়তা মাপা হয় অনেক সময়। যদিও টুইটার, ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যা জনপ্রিয়তা নির্ধারণের মাপকাঠি হতে পারে না কখনোই। কিন্তু ভার্চ্যুয়াল জগতে নিজের অনুসারী বাড়ানোও তো একেবারে ঠুনকো ব্যাপার নয়। এত দিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চনের ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ছিল সর্বাধিক। কিন্তু সম্প্রতি তাঁর জায়গা দখল করেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

টুইটারে শাহরুখ খানের অনুসারীর সংখ্যা আগের মতোই আছে। তাঁর অনুসারী ৩২ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৩৩৮। আর অমিতাভের ৩২ কোটি ৯০ লাখ ২ হাজার ৩৫৩ জন। হঠাৎ কিছু অনুসারীকে টুইটার থেকে হারিয়ে ফেলেছেন ‘বিগ বি’। আর এতে মোটেও খুশি নন এই ‘অ্যাংরি ইয়াং ম্যান’। তাঁর সাম্প্রতিক টুইটে মন খারাপের আভাস পাওয়া যায়। অমিতাভ আজ বৃহস্পতিবার দুপুরে টুইট করেছেন, ‘টুইটার...!!!??? তুমি আমার অনুসারীর সংখ্যা কমিয়ে ফেলেছ। হা হা হা...মজা করছিলাম। টুইটার থেকে নিজেকে সরিয়ে আনার সময় হয়েছে। এই যাত্রার জন্য টুইটারকে ধন্যবাদ। এই সমুদ্রে আরও অনেক মাছ থাকে। সেগুলো হয়তো আরও বেশি আকর্ষণীয়।’

অমিতাভ বচ্চনের টুইট
অমিতাভ বচ্চনের টুইট

ঘটনা সামান্য হলেও অমিতাভের মনে তা বিশাল প্রভাব ফেলেছে। এই টুইটের সঙ্গে তিনি প্রকাশ করেছেন নিজের ‘হাম’ চলচ্চিত্রের একটি ছবি। সেখানে তিনি খলনায়ককে মেরে নাস্তানাবুদ করছেন। এই ছবিরই জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা দে দে’। এমন আরও অনেক জনপ্রিয় গান আর ছবি দর্শকদের উপহার দিয়েছেন অমিতাভ। ৭৫ বছর পেরিয়েও দিনরাত কাজ করে যাচ্ছেন এই সুপারস্টার। তবু জনপ্রিয়তার আসন একটুখানি নড়বড়ে হয়ে গেলেও মন কেমন বিষণ্ন হয়ে ওঠে।

এদিকে আরেক খবর, ২০২০ সাল পর্যন্ত অমিতাভের শিডিউলের খাতার কোনো পাতা খালি নেই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে যেতে চান। অমিতাভের এই ইচ্ছার কথা বহুবার উচ্চারিত। কিন্তু আজীবন তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকতে চান—এটি মুখে না বললেও কাজে বোঝা যায়। যতই নতুনের আগমন হোক, শাহেনশাহর সিংহাসন ছাড়া এতই সহজ?