'শিভে' ছবির ব্যবসা সামলাবেন কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল
কাজল

অজয় দেবগন পরিচালিত ‘শিভে’ ছবিতে অভিনয় করছেন না তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল। ক্যামেরার সামনে না থাকলেও স্বামীর এই ছবির সঙ্গে কিন্তু ভালোভাবেই যুক্ত আছেন তিনি। এই ছবিতে কাজল কাজ করছেন ক্যামেরার বাইরে। ‘শিভে’ ছবির বিপণন ও প্রচারের সব দায়িত্ব এখন তাঁর কাঁধেই।
পরিচালনার পাশাপাশি এই ছবিতে অজয় অভিনয়ও করছেন। কিন্তু কাজল এবার নিজের ‘ঘরের লোক’-এর ছবিতে অভিনয়ের চেয়ে এর ব্যবসায়িক দিকটা দেখার দিকেই মনোযোগ দিচ্ছেন। আর এবারই প্রথম কাজল কোনো ছবির বিপণন সামলাচ্ছেন।
তবে অভিনয় থেকে একেবারে সরে যাননি তিনি। ২০০৮ সালে অজয় পরিচালিত ছবি ‘ইউ মি অউর হাম’ ছবিতে অভিনয় করেছিলেন কাজল-অজয় দুজনেই। আবারও তাঁরা একসঙ্গে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। অজয় দেবগনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই ছবিটি নির্মাণ করা হবে। কিছুদিন আগে কাজল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের হাতে এখন একটি ছবির চিত্রনাট্য আছে। সেটি একটু ঠিকঠাক করে ছবির পরিচালক চূড়ান্ত করা হবে। শিগগিরই এই ছবির নাম, ধরন ও তাঁর চরিত্র সম্পর্কে জানাবেন বলেও বলেছিলেন কাজল। বলিউড লাইফ।