'শোলে' বানানোর টাকা ছিল না

বলিউডের ইতিহাসে ধ্রুপদি চলচ্চিত্রের নাম ‘শোলে’। ১৯৭৫ সালে মুক্তির পরপরই সাড়া জাগিয়েছিল ছবিটি। এই ছবি তৈরির টাকাই ছিল না শুরুতে। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই দিনের সংকটের কথা জানালেন ছবির পরিচালক।
সম্প্রতি ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বিগ পিকচার সামিট-২০১৬’ (সিআইআই) অনুষ্ঠানে এ নিয়ে বলেছেন ‘শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পি। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান এই কারণে যে আমি যখন ছবিটি বানাই, তখন বাবা আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমার হাতে তখন তেমন টাকা ছিল না। বাবাকে বিষয়টি জানিয়েছিলাম। তাঁর প্রযোজনায় আমার বানানো শেষ ছবির খরচ ছিল ৪০ লাখ রুপি। ছবিটা ব্যবসাসফল হয়েছিল। বাবাকে বলেছিলাম কোটি রুপির কথা। শেষ পর্যন্ত তিন কোটি লেগেছিল।’
‘শোলে’ ছবিটিতে অভিনয় করেছিলেন একঝাঁক বলিউড তারকা। তাঁরা হলেন সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনি, জয়া বচ্চন প্রমুখ। বক্স অফিস সফলতার পাশাপাশি ভারতের একটি ধ্রুপদি চলচ্চিত্রের মর্যাদাও পেয়েছে ‘শোলে’। ইন্ডিয়ান এক্সপ্রেস