
আর মাত্র এক দিন পর মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত ছবি ‘হাসিনা পার্কার’। সম্প্রতি শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রচারণার অনুষ্ঠানে ছবির পরিচালক অপূর্ব লাখিয়া সাংবাদিকদের মুখোমুখি হন। শ্রদ্ধার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অপূর্ব প্রথম আলোকে বলেন, ‘শ্রদ্ধা আমার কল্পনার বাইরে গিয়ে কাজ করেছে। ওকে আমরা সব সময় চটকদার চরিত্রে দেখে এসেছি। আমার এই ছবিতে এক নতুন শ্রদ্ধাকে আবিষ্কার করবে সবাই। “হাসিনা পার্কার” চলবে কি চলবে না, আমার জানা নেই। তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি, ছবিটি মুক্তির পর সবাই শ্রদ্ধার অভিনয় আজীবন মনে রাখবেন। আর শ্রদ্ধা এটা প্রমাণ করবে যে এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ও অন্যতম সেরা অভিনেত্রী।’
অপূর্ব লাখিয়া আরও বলেন, ‘হাসিনার চরিত্রের জন্য শ্রদ্ধা ভীষণ পরিশ্রম করেছে। হাসিনার পরিবারের সঙ্গে তিনি অনেক সময় কাটিয়েছে। তাদের থেকে দাউদের বোনের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করত। আসল হাসিনার ব্যবহৃত কিছু জিনিস পরে শ্রদ্ধাকে দেখা যাবে এই ছবিতে। এই চরিত্রের জন্য প্রচুর হোমওয়ার্ক করেছে শ্রদ্ধা। ছবিতে সে চার সন্তানের মা। তাই মাতৃত্ব অনুভব করতে সে রাতের পর রাত জেগে ইউটিউবে গর্ভাবস্থা সম্পর্কিত নানান ভিডিও দেখেছে। সাতসকালে উঠে মেকআপ নেওয়া শুরু করত। কারণ প্রত্যেকটিক মেকআপের জন্য অনেক সময় লাগত। প্রচণ্ড গরমের মধ্যেও প্রেগনেন্সি স্যুট পরে হাসিমুখে অভিনয় করত। কখনো কোনো অভিযোগ করেনি। মুখটা বড় দেখানোর জন্য শ্রদ্ধাকে মুখের ভিতর সিলিকন রাখতে হতো। সিলিকনটা মুখ থেকে বের করার পর শ্রদ্ধা কিছু খেতে পারত না। স্ট্র দিয়ে একটু জুস খেয়েছে মাত্র। দু-তিন ঘণ্টা পর স্বাভাবিক হতো। তখন সাধারণ খাবার খেতে পারত।’

‘হাসিনা’র চরিত্রে শ্রদ্ধা কেন-এর জবাবে পরিচালক বলেন, ‘প্রথমে সোনাক্ষী সিনহাকে নেওয়া হয়েছিল। কিন্তু সোনাক্ষীর সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। যখন সোনাক্ষীকে নিয়েছিলাম, তখন কিশোরী হাসিনার জন্য অন্য একটি মেয়েকে নিতে হয়েছিল। এরপর আমি এমন একজন অভিনেত্রী চাইছিলাম, যে কিশোরী থেকে চার সন্তানের মায়ের চরিত্রেও অভিনয় করতে পারবেন। তার জন্য শ্রদ্ধা উপযুক্ত। শ্রদ্ধা এই ছবিতে ১৭ বছরের কিশোরীর চরিত্রে, আবার চার সন্তানের মা হয়ে ৪৫ বছরের নারীর চরিত্রেও অভিনয় করেছেন। ২৮ বছরের শ্রদ্ধাকে “হাসিনা পার্কার” ছবিতে ২৬ বছরের ছেলের মায়ের ভূমিকায় দেখা যাবে। আর এটা সবচেয়ে কঠিন কাজ বলে আমার মনে হয়। হিন্দি চলচ্চিত্রে অনেক কম বয়সী অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু শ্রদ্ধাকে একদমই ব্যতিক্রমী মা হিসেবে দেখা যাবে।’
নাহিদ খান প্রযোজিত ‘হাসিনা পার্কার’ ছবিটি অন্ধকার জগতের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বোন ‘হাসিনা’র জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এ ছবিতে দাউদের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। হাসিনার স্বামীর চরিত্রে দেখা যাবে অঙ্কুর ভাটিয়াকে। ‘হাসিনা পার্কার’ ছবিটি আগামীকাল ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে।