'সংগ্রামী' জন আব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন আব্রাহাম
জন আব্রাহাম

প্রথম ছবিতে অভিনয়ের পরেই নাকি বিদায় বলে দেওয়া হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামকে! এটা কোনো নিন্দুকের রটনা নয়; বরং জন নিজেই এ কথা জানিয়েছেন।

সম্প্রতি নিশিকান্ত কমতের পরিচালনায় তাঁর অভিনীত নতুন ‘রকি হ্যান্ডসাম’ ছবির ট্রেলার উন্মোচনের দিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জন জানান, ‘প্রথম ছবিতে অভিনয়ের পরেই আমাকে চলে যেতে বলা হয়েছিল।’

জন আব্রাহাম জানিয়েছেন, তাঁর এত দূর আসার পেছনে কোনো ‘গডফাদার’-এর হাত নেই, ছিলও না কখনো। পুরো কৃতিত্ব দর্শকদের দিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আমার দর্শকেরা সব সময় আমাকে সমর্থন জুগিয়ে যাবেন। বলিউডে সমর্থন জোগানোর অনেকগুলো উপায় আছে, কিন্তু আমার সবচেয়ে বড় সমর্থন আসে আমার দর্শকদের থেকে। তাঁদের জন্যই আমি আজ এখানে।’

জন আরও বলেছেন, ‘আমার প্রথম ছবির পর, আমাকে আমার আগের কাজেই ফিরে যেতে বলা হয়েছিল। কিন্তু দেখুন, আমি এখানেই আছি ১৪ বছর ধরে!’

নিজেকে একজন ‘আন্ডারডগ’ হিসেবে অভিহিত করে জন বলেন, ‘আমি আমার এই ‘আন্ডারডগ’ হিসেবে থাকার বিষয়টা​কে খুব পছন্দ করি। এটা সব সময়ই আমার মাথার ভেতরে আছে। এই বিষয়টি আমার খুব ভালো লাগে।’

তবে বলিউডের দুনিয়ায় নিজেকে এখনো একজন ‘সংগ্রামী’ হিসেবেই দেখেন জন। তিনি বলেন, ‘যখন মনে হবে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমি তখনই আমার ব্যাগ গুছিয়ে বিদায় নেব। আমি সংগ্রাম করেই যাব। সংগ্রাম করতে আমার ভালো লাগে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে দেব দুলাল গুহ।