'সঞ্জয়-ভক্ত' কারিনা

বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। মুক্তির পর থেকেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ৫৬ বছর বয়সী এই তারকা অভিনেতা। বলিউডের সবাই তাঁদের প্রিয় ‘মুন্না ভাই’কে স্বাগত জানিয়েছেন। বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর তাঁর প্রিয় তারকার মুক্তিতে বেজায় খুশি। শ্মশ্রুমণ্ডিত মুখ ও পাকানো গোঁফে সঞ্জয়ের বর্তমানে যে চেহারা—তাকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন কারিনা।
সঞ্জয় দত্তের জেল থেকে মুক্তির প্রসঙ্গে এই ‘কি অ্যান্ড কা’ অভিনেত্রী বলেন, ‘অবশ্যই আমি দারুণ খুশি হয়েছি। উনি মুক্তি পাওয়ার পর একজন আমাকে তাঁর একটি ছবি দেখিয়েছে। তাঁকে দেখতে চমৎকার লাগছে। আমরা সবাই এখন “সঞ্জুজি”কে (সঞ্জয় দত্ত) বড়পর্দায় দেখার অপেক্ষায় আছি।’ কারিনা বলেন, ‘আমি তাঁর বিশাল বড় এক ভক্ত।’ মুম্বাইয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সঞ্জয় দত্ত ও কারিনা কাপুর খানকে কেবল একটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল। ২০০৩ সালে জে পি দত্তের ‘এলওসি কারগিল’ ছবিতে এই দুই তারকা একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে কারিনার বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন সঞ্জয়।
নিজের কাছে অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ বছরের জেল হয় তাঁর। পরে কারাগারে ভালো আচরণের জন্য তাঁর শাস্তির মেয়াদ কিছুটা কমিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকালে ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পান এই ‘খলনায়ক’খ্যাত অভিনেতা। এনডিটিভি।