'সাইফিনা' পুত্রের নবাবি চাল

বলিউডে তারকাদের চেয়েও এখন বড় তারকা তাঁদের সন্তানেরা। শাহরুখ খানের ছেলে আব্রাম, শহিদ কাপুরের মেয়ে মিশা আর সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরের কথাই ভাবুন না একবার। এই তিন তারকা সন্তানের কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ পেলেই হলো, সেটাই হয়ে যায় ‘হিট আইটেম’। সোমবার সাইফ-কারিনার ছেলের একটি ছবি ইন্টারনেটে ফাঁস হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে।
বলিউড লাইফের খবরে বলা হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট তৈমুর ফিটফাট পোশাক পরে একটি চেয়ারে বসে আসে। নবাব পরিবারের সদস্য তা দেখলেই বোঝা যায়। গত বছর ডিসেম্বরে জন্ম নেওয়া এই ছোট নবাব জন্মের আগে থেকেই গণমাধ্যমের মনোযোগ দখল করে রেখেছেন। সুদর্শন এই তারকা শিশু এখন তাঁর চেহারা দিয়েও সবার নজর কাড়ছেন।
তৈমুরের জন্মের পরপর এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেছিলেন, তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন বালক তাঁর ছেলে তৈমুর। কিন্তু দুই দিন পরপর ইন্টারনেটে ছেলের ছবি ফাঁস হওয়া নিয়ে কিছুটা আশঙ্কা আছে কারিনার। মায়ের মন বলে কথা। কারিনা ভাবেন, ছেলের যদি নজর লেগে যায়? বাবা সাইফ অবশ্য এসব বিষয়ে একেবারেই মাথা ঘামান না। কারণ, এসব ব্যাপারে তাঁর বিশ্বাস কম।