'সাদমা' রিমেকে কারিনা-রণবীর সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান-রণবীর সিং
কারিনা কাপুর খান-রণবীর সিং

আশির দশকের বলিউডের ক্ল্যাসিক ছবি ‘সাদমা’ নতুন করে তৈরি করতে যাচ্ছেন নির্মাতা লয়েড বাপ্তিস্তা। ১৯৮৩ সালে এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী ও কমল হাসান। ‘সাদমা’ ছবিটির এই রিমেকে শ্রীদেবীর জায়গায় প্রথমে বিদ্যা বালানকে ভাবা হলেও তিনি এ ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানিয়েছিলেন, এখনো নিজেকে শ্রীদেবীর জায়গায় কাজ করার উপযুক্ত মনে করেন না তিনি। শোনা যাচ্ছে, নতুন ‘সাদমা’য় জুটি হতে পারেন কারিনা কাপুর খান ও রণবীর সিং।
আশির দশকের এই ক্ল্যাসিক ছবির রিমেকের জন্য বলিউডের নামকরা বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপ্তিস্তা বলিউডের প্রথম সারির কয়েকজন অভিনয়শিল্পীর কথা ভাবছেন। তিনি বর্তমানে কারিনা কাপুর খান ও রণবীর সিংকে এ ছবির প্রধান দুটি চরিত্রের জন্য ভেবেছেন বলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত এই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কারও কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাপ্তিস্তা বলেছেন, ‘আমি এ কাজটি নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছি না। কারণ, কমল হাসান ও শ্রীদেবীর জায়গায় অন্য কাউকে চিন্তা করা খুব একটা সহজ কাজ নয়। আমরা এ বিষয়ে কিছু চিন্তাভাবনা করেছি বটে, তবে এখনো কিছু চূড়ান্ত করিনি।’
এদিকে, কারিনার হাতে বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ আছে বলে জানা গেছে। এর মধ্যে এই ছবিটিই নাকি তাঁর কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। যদিও আগে এমন ছবিতে অভিনয়ের ব্যাপারে এক ধরনের অনীহা ছিল এই ‘কি অ্যান্ড কা’ তারকার।

ডেকান ক্রনিকল ও পিঙ্ক ভিলা অবলম্বনে নাদিয়া মাহমুদ।