'সিং' অক্ষয়ের 'ব্লিং'-এর ব্যাখ্যা

বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ ব্লিং’ ছবিটি মুক্তি পেয়েছে এই ২ অক্টোবর। ছবিটির নামের কারণে এর ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনায় এসেছিল এই ছবি। সম্প্রতি ‘সিং ইজ ব্লিং’ ছবির নামের ব্যাখ্যা দিয়েছেন অক্ষয়। এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, এখানে ‘ব্লিং’ বলতে দামি গয়নাকে বোঝানো হয়নি, ‘ব্লিং’ এর অর্থ এখানে পরিবার এবং দেশের জন্য ‘রত্ন’ হয়ে ওঠা। এই রত্নকেই এ ছবিতে ব্লিং হিসেবে বোঝানো হয়েছে।
শুধু ছবির নাম বা টাইটেলের ব্যাখ্যাই নয়, এ ছবিতে তাঁর অভিনীত চরিত্র সম্পর্কেও খানিকটা বলেছেন অক্ষয়। তিনি বলেন, ‘এ ছবিটি একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনের ছবি। এখানে কমেডি, থ্রিল, পারিবারিক মূল্যবোধ সবই আছে। এ ছবিতে আমার অভিনীত চরিত্রটি তাঁর বাবাকে ভীষণ ভয় পায়। সে তাই পালন এবং অনুসরণ করে যা তাঁর বাবা তাঁকে করতে বলেন। এ ছাড়াও, তাঁর চরিত্রটির জীবনে স্থিরতা বা মনস্থির করতে না পারার এক ধরনের সমস্যাও রয়েছে।’
নতুন ছবিটি নিয়ে অক্ষয় বেশ আশাবাদীও। সুপারহিট চলচ্চিত্র ‘রাওডি রাঠোর’ এর পর ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে অভিনেতা অক্ষয় কুমার এবং নির্মাতা প্রভু দেবা আবারও একসঙ্গে কাজ করলেন। দেখা যাক, তাঁদের এই যৌথ প্রচেষ্টা কতটা সফল হয়।
‘সিং ইজ ব্লিং’ ছবিতে আরও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, লারা দত্ত এবং কে কে মেনন। এনডিটিভি।