'সুন্দরের শত্রু নেই'

সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই—মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড। এই দুই ‘বিশ্বসুন্দরী’কে একই ফ্রেমে ক্যামেরাবন্দী করা যেকোনো আলোকচিত্রীর জীবনেরই এক স্মরণীয় ঘটনা। গেল শনিবার মুম্বাইতে এমনটিই ঘটেছে। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে শুধু এক ছবির ফ্রেমে বন্দীই হননি সুস্মিতা সেন। ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতা বোঝাতে বলেছেন, ‘সুন্দরের শত্রু নেই।’
তাঁরা সমসাময়িক। একই বছরে বিশ্ব মঞ্চে সুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই। সালটা ১৯৯৪, গোয়ায় ‘মিস ইন্ডিয়া’ হয়েছিলেন সুস্মিতা সেন আর রানার-আপ হয়েছিলেন ঐশ্বরিয়া রাই। এর পরপরই প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ শিরোপা জিতেছিলেন দিল্লি প্রবাসী বাঙালি কন্যা সুস্মিতা সেন। পাশাপাশি, সে বছরই ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী ঐশ্বরিয়া এখন ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের পুত্রবধূ।
এরপর প্রায় একই সঙ্গে বড়পর্দায় এসেছিলেন সুস্মিতা ও ঐশ্বরিয়া। এক আকাশে দুই চাঁদ থাকলে যা হওয়ার, তাই হয়েছিল। দুই ভাগ হলেন ভক্তরা। আর এই দুজনের মধ্যে রেষারেষির নানা গুজবের খবর বরাবরই সংবাদমাধ্যমের জন্য ‘তাজা খবর’ হিসেবে বিবেচিত হতো।
তবে গত শনিবার ঘটল সেই অভূতপূর্ব ঘটনা! একই ফ্রেমে ধরা দিলেন এই দুই বিশ্বসুন্দরী! শনিবার রাতে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বাড়ির এক অনুষ্ঠানে হাসিমুখে ‘পোজ’ দিয়েছেন এই দুজন। আর সেদিনই এই উৎসবের ছবি খুদে ব্লগসাইট টুইটারে টুইট করেছেন সুস্মিতা সেন। ছবি প্রকাশের পাশাপাশি সুস্মিতা লিখেছেন, ‘দুই দশকের একটি রূপকথা। আমরা তা পুরোপুরি উপভোগ করেছি।’
নিজেদের মধ্যে যে কোনো দিনই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সেটা বোঝাতে তাঁর বক্তব্য, ‘বিউটি হ্যাজ নো রাইভালরি... চিয়ার্স বিউটিফুল!’
নীতা আম্বানি ও মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠানে বলিউডের এই দুই সুন্দরীকে অসাধারণ দেখাচ্ছিল। ইন্ডিয়া টুডে। ইন্ডিয়ান এক্সপ্রেস।