'সুলতান' আছেন, নেই পরিনীতি!

‘সুলতান’ সিনেমায় হরিয়ানার কুস্তিগির সুলতানের চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আলী আব্বাস জাফরের এই ছবির জন্য নিজেকে তৈরি করতে মাস খানেক আগে থেকেই কোমর বেঁধে নেমেছেন বলিউডের এই তারকা। তবে এ ছবিতে সালমানের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা নিয়ে যেন ধোঁয়াশা এখনো কাটেনি।
গণমাধ্যমের কিছুদিন আগের খবর ছিল, ‘ইশকজাদে’ তারকা পরিনীতি চোপড়া নাকি এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন। তবে, এ খবর সম্প্রতি পুরোপুরি অস্বীকারই করেছেন এ অভিনেত্রী। পরিনীতি এ খবরকে ‘স্রেফ গুজব’ বলেই উড়িয়ে দিয়েছেন।
আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে পরিনীতি এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ‘সুলতান’ ছবিতে অভিনয় করছি না। দয়া করে আপনাদের গুজব এবং অনুমান অন্য কারও জন্য বাঁচিয়ে রাখুন, আমাকে বরং যথার্থ সময়ে আমার পরবর্তী সিনেমার ঘোষণাটি দিতে দিন।’
‘লেডিস ভার্সেস রিকি ভাল’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন পরিনীতি। এরপর ‘ইশকজাদে’, ‘সুধ দেশি রোমান্স’, ‘হাসি তো ফাঁসি’ ছবিতে নিজের অভিনয় নৈপুণ্য দিয়ে সবার নজর কাড়েন তিনি। এনডিটিভি।