'সুলতান' হওয়া সহজ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

‘বজরঙ্গী ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির কাজ শেষ করার পর ‘দাবাং’ তারকা সালমান এখন ‘সুলতান’ হওয়ার কঠিন ব্রত নিয়েছেন। অবশ্য ‘সুলতান’ হওয়ার জন্য তাঁকে ঘড়ি ধরে কুস্তি চর্চা, মিক্সড মার্শাল আর্ট শেখার পাশাপাশি যেসব কঠোর নিয়মকানুন মেনে চলতে হচ্ছে; তাতে এরই মধ্যে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন এই অভিনেতা। সম্প্রতি সালমান জানিয়েছেন, সুলতান হওয়া সহজ নয়।

এ প্রসঙ্গে সালমান বলেছেন, আমি তো ওজন বাড়াচ্ছি না। ‘সুলতান’ চরিত্রটির জন্য আমাকে শরীরের পেশি (মাসল) তৈরি করতে হচ্ছে। তিনি বলেন, এর জন্য কঠোর নিয়ম মানতে হয়। অনেক কঠিন পরিশ্রম করতে হয়।

‘বজরঙ্গী ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান আরও জানিয়েছেন, এটা শুধু ওজন বাড়ানো কিংবা শরীরের চর্বি বাড়ানোর বিষয় নয়।

এর আগে সালমান খান তাঁর ভক্তদের জানিয়েছিলেন, সুলতানের জন্য তিনি তাঁর বর্তমান চেহারার প্রায় দ্বিগুণ কলেবরের (ডাবল সাইজ) একজন হিসেবেই পর্দায় হাজির হবেন। আর এখন এই কঠিন ব্রত পালন করতে গিয়ে এটি যে কত ‘কঠিন কাজ’ তা হাড়ে হাড়ে বুঝছেন তিনি। সংবাদমাধ্যমকে সম্প্রতি এই তারকা জানিয়েছেন, এ অনেক কঠিন কাজ। আর এর জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হচ্ছে।


এ বছরের ডিসেম্বরে ৫০ পূর্ণ করবেন ‘দাবাং’ তারকা সালমান খান। জানিয়েছেন, সুলতান চরিত্রের জন্য তিনি আরেক খান আমিরের পদাঙ্কই অনুসরণ করছেন।

আলী আব্বাস জাফরের ‘সুলতান’ ছবির নামভূমিকায় অভিনয় করবেন সালমান। এ ছবিতে তাঁকে পুরোদস্তুর এক কুস্তিগিরের ভূমিকাতেই দেখতে পাবেন দর্শকেরা। আর এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্যই সালমানকে এত পরিশ্রম, নিয়মকানুন মেনে কুস্তিগির হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হচ্ছে।

আলী আব্বাস জাফরের এ ছবিতে সালমানকে দেখা যাবে ৪০ বছর বয়সী হরিয়ানার কুস্তিগির সুলতান আলী খানের ভূমিকায়। কিছুদিন প্রকাশিত এক ছবিতে তাঁর তীক্ষ্ণ চাহনি, ছোট করে ছাঁটা চুল, বাঁকানো গোঁফ- এসব দেখে তাঁকে আপাদমস্তক একজন বাস্তবের কুস্তিগিরের মতোই মনে হয়েছে।

এদিকে, ‘বজরঙ্গী ভাইজান’ ছবির তুমুল সাফল্যের পর এবারের দিওয়ালি উৎসব উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সালমানের প্রেম রতন ধন পায়ো ছবিটি। এ ছবিতে দীর্ঘদিন পর সালমান ফিরছেন তাঁর ট্রেডমার্ক ‘প্রেম’ চরিত্রে।

‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারের কাজে ইদানীং অনেক ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। আর এ কারণেই তিনি ‘সুলতান’ চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি তা নিতে পারছেন না। ‘সুলতান’ ছবির জন্য নিয়মিত কুস্তি ও মার্শাল আর্টের চর্চা শুরু করেছেন এই তারকা অভিনেতা। ইন্দো-এশিয়ান নিউজ। টাইমস অব ইন্ডিয়া।