'হৃদয় কি জং ধরে' চল্লিশ বছরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীতু সিং ও নাসিমের সঙ্গে জন্মদিনে ঋষি কাপুরের নাচের একটি মুহূর্ত
নীতু সিং ও নাসিমের সঙ্গে জন্মদিনে ঋষি কাপুরের নাচের একটি মুহূর্ত

‘হাওয়া বয় শন শন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরোন খাপে’—কবিতায় প্রেমেন্দ্র মিত্র এমনটাই লিখেছিলেন। মাস-বছর-যুগ পেরিয়ে গেলেও সম্ভবত হৃদয়ে জং ধরে না। আর মধুর স্মৃতি সব সময়ই উজ্জ্বল হয়ে জেগে থাকে। ঋষি কাপুরের স্ত্রী নীতু সিংয়ের সঙ্গে এ অভিনেতার প্রেমের শুরু হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে, ১৯৭৬ সালে। ‘কাভি কাভি’ ছবির শুটিংয়ের সময়। সম্প্রতি পুরোনো অ্যালবাম থেকে ঋষি কাপুর টুইটারে পোস্ট করেছেন সেই সময়কার কিছু ছবি।
শুধুই কি ছবি? স্মৃতির উজ্জ্বল সব মুহূর্তও যে বাঁধা পড়ে আছে এসব ছবির সঙ্গে।
একমাত্র ঋষি কাপুরই বোধ হয় সবচেয়ে ভালো বলতে পারবেন এ ছবিগুলো তাঁকে কীভাবে ফিরিয়ে নিয়ে যায় চল্লিশ বছর আগে, তাঁর প্রথম যৌবনের মধুর সেই সব স্মৃতির কাছে।
টুইটারে ঋষি তাঁর ও নীতু সিংয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, দেখতে দেখতে চল্লিশ বছর হয়ে গেল।

অমিতাভ বচ্চন, শশী কাপুর, ওয়াহিদা রেহমান ও ‘কাভি কাভি’ ছবির আরও কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে ঋষি কাপুর
অমিতাভ বচ্চন, শশী কাপুর, ওয়াহিদা রেহমান ও ‘কাভি কাভি’ ছবির আরও কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে ঋষি কাপুর

এ ছবিতে ঋষি কাপুর ও নীতু সিংকে তুষারে ঢাকা গাছপালার সামনে এক বিশেষ মুহূর্তে দেখা যাচ্ছে। ঋষি পরে আছেন ভারী ওভারকোট। আর নীতু খুব ঘনিষ্ঠভাবে ঋষি কাপুরের হাত জড়িয়ে আছেন যেন পরম ভরসায়।
এ ছবির সঙ্গে আরও বেশ কয়েকটি ছবিও টুইটারে পোস্ট করেছেন ঋষি কাপুর। এর একটি ছবিতে দেখা যাচ্ছে নাচের ভঙ্গিতে ঋষি কাপুর, নীতু সিং ও অভিনেত্রী মুমতাজের আত্মীয় নাসিম। ‘কাভি কাভি’ ছবিতেও নাসিম অভিনয় করেছিলেন।
এ ছবি প্রসঙ্গে টুইটারে ঋষি কাপুর লিখেছেন, কাশ্মীরের পহেলগাঁওতে আমার জন্মদিনের অনুষ্ঠানে এ ছবি ‘কেকে’ (কাভি কাভি) ছবির শুটিংয়ের সময়কার।
‘কাভি কাভি’ ছবিতে ঋষি কাপুর ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, নীতু সিং, শশী কাপুর, রাখী গুলজার ও ওয়াহিদা রেহমান।

অমিতাভ বচ্চন, শশী কাপুর অভিনীত এই ছবিটি ছিল প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার দ্বিতীয় ছবি। এই বিখ্যাত পরিচালক ‘কাভি কাভি’ ছবিটির আগে ১৯৭৫ সালে নির্মাণ করেছিলেন ‘দিওয়ার’ ছবিটি। এনডিটিভি।