‘তালাশ’–এর শুটিং শেষ
স্টুডিওতে গান রেকর্ডিং করতে আসে সংগীত পরিচালক সুমন (আদর) ও কণ্ঠশিল্পী নায়রা (বুবলি)। কয়েকবার অনুশীলনের পর চূড়ান্ত রেকর্ডিং হয়। এটি ‘তালাশ’ ছবির একটি দৃশ্য। দৃশ্যটি ধারণের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সেট ফেলা হয় ২৭ সেপ্টেম্বর। আরও চারটি দৃশ্যধারণের মধ্য দিয়ে শেষ হলো ‘তালাশ’ ছবির শুটিংয়ের সব কাজ।
২ সেপ্টেম্বর কক্সবাজারে ছবিটির একটি গানের শুটিং হয়। ছবির পরিচালক সৈকত নাসির জানান, কক্সবাজারে গানের শুটিং করার পর ছবির আর এক দিনের কাজই বাকি ছিল। সেটাই করা হলো বিএফডিসিতে। বলেন, ‘ছবির পাঁচটি দৃশ্য ধারণ বাকি ছিল। মাঝে ছবির নায়িকার অন্য একটি ছবির শিডিউল দেওয়া ছিল। এ কারণে এই কয়েকটি দৃশ্যের কাজ আটকে ছিল। ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি।’
একদল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে ‘তালাশ’। এ ছবিতে পাঁচটি গান আছে। পরিচালক জানিয়েছেন, মাঝের শুটিংবিরতির সময় ছবির বেশির ভাগ অংশের সম্পাদনা করা হয়ে গেছে। এখন এক দিনের ওই শুটিংয়ের সম্পাদনা বাকি। শিগগিরই ছবির পোস্টপ্রোডাকশনের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
তাহলে ছবিটি মুক্তি পাচ্ছে কবে? জানতে চাইলে ওই নির্মাতা বলেন, ‘আমরা দ্রুতই কাজ এগিয়ে নিচ্ছি। সব ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে ছবিটি মুক্তি দিয়ে দেব।’
ছবিতে বুবলীর নায়ক আদর। পরিচালকের সঙ্গে আগে একটি ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা থাকলেও বুবলীর সঙ্গে এবারই প্রথম কাজ। আদর বলেন, ‘কাজের সময় বুঝতেই পারিনি, তাঁর সঙ্গে আমার প্রথম কাজ। কারণ, কাজের সময় এত এত সহযোগিতা পেয়েছি তাঁর কাছ থেকে, প্রথম কাজ করছি, ফিলই হয়নি।’ ‘তালাশ’ ছবিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ কয়েকজন র্যাম্প মডেল।