পূর্ণিমার ছোটবেলার সেই ছবির পেছনে লুকিয়ে আছে যে গল্প

পূর্ণিমা এখন ও তখন। কোলাজ

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে এখন নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও আলোচনার কেন্দ্রে থাকেন সব সময়ই। উপস্থাপনা, বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন, বিজ্ঞাপনচিত্রের কাজ ও ফটোশুট—সব মিলিয়ে বিনোদন অঙ্গনে এখনো তিনি আলোচিত একটি নাম। সামাজিক মাধ্যমেও তাঁকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই।

গতকাল সোমবার নিজের এক কোটি অনুসারীর ফেসবুক পেজে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন, যেটি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। গোলাপি রঙের পোশাক পরা হাস্যোজ্জ্বল ছোট্ট মেয়েটির ছবি দেখে কারও চিনতে অসুবিধা হয়নি যে তিনি আজকের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ছবিটি পোস্ট করার পরপরই তাই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়। এতে প্রায় অর্ধলক্ষ রিঅ্যাকশন পড়েছে, আর মন্তব্য জমা হয়েছে তিন হাজারের বেশি।

দিলারা হানিফ পূর্ণিমা
ছবি : পূর্ণিমার ফেসবুক থেকে

ছবিটি সম্পর্কে জানতে চাইলে পূর্ণিমা প্রথম আলোকে জানালেন, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন। বাবার চাকরিসূত্রে তাঁদের পরিবার থাকত ঢাকার তৎকালীন পিজি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। তিনি পড়াশোনা করতেন সায়েন্স ল্যাব এলাকার বিসিএসআইআর স্কুলে। ছবিটি তোলা হয়েছিল এক ঈদের সকালে।

সেই দিনের স্মৃতিচারণা করে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে আম্মু আমাদের দুই বোনের জন্য নিউমার্কেট থেকে টিস্যু কাপড় কিনে আনতেন। তারপর নিজের পছন্দমতো গোলাপি রঙের জামা বানিয়ে দিতেন। তাঁর সব সময়ই ইচ্ছা ছিল, তাঁর মেয়েরা যেন অন্য সবার থেকে একটু আলাদা দেখায়। আমরাও ঈদের আগের দিন পর্যন্ত এই জামা কাউকেই দেখাতাম না। যতদূর মনে পড়ে, ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পর ছবিটি তোলা হয়েছিল।’

দিলারা হানিফ পূর্ণিমা
ছবি : পূর্ণিমার ফেসবুক থেকে

অনেক বছর পর বাসায় নিজের ছোটবেলার ছবিটি দেখে আবেগপ্রবণ হন পূর্ণিমা। তিনি বলেন, ‘ছবিটি দেখে মনে হলো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করি। সত্যি বলতে, আমারও মনে হচ্ছিল—যদি আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম, তাহলে বেশ ভালোই হতো।’

মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় পূর্ণিমার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুন

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বিনোদন অঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি। তাঁর অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। নানা জটিলতায় ছবিগুলোর মুক্তি আটকে থাকলেও দর্শকের কাছে পূর্ণিমার চাহিদা একেবারে কমেনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ চলচ্চিত্রে। তবে আজ মঙ্গলবারও তাঁর কাছে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব গেছে। কিন্তু নিজের পছন্দসই গল্পের জন্য অপেক্ষায় আছেন এই চিত্রনায়িকা।