‘দম’ সিনেমার জন্য পুরস্কার পেলেন নিশো-রনি, বাইফায় আরও পুরস্কার পেলেন যাঁরা

‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশোছবি: আয়োজকদের সৌজন্যে

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল বাইফার পঞ্চম আসর। শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতিতে পুরো আয়োজন রূপ নেয় এক বর্ণিল উৎসবে। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় ঢালিউড অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে।

আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় ঢালিউড অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে
ছবি: আয়োজকদের সৌজন্যে

চলচ্চিত্র বিভাগে জুরিবোর্ডের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শরীফুল রাজ। অন্যদিকে ‘সাবা’ সিনেমায় অভিনয়ের জন্য জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। একই বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন রেদওয়ান রনি।

জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। জনপ্রিয় অভিনেত্রীর সম্মাননা উঠেছে সাবিলা নূরের হাতে। আর ‘দম’ সিনেমার জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী।

নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’-এর জন্য জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। সেরা নির্মাতা প্রবীর রায় চৌধুরী।
অন্যদিকে পপুলার বিভাগে ‘এটা আমাদেরই গল্প’ নাটক থেকে সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার, সেরা অভিনেত্রী কেয়া পায়েল ও সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স দীপা খন্দকার।

সেরা চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন রেদওয়ান রনি
ছবি: আয়োজকদের সৌজন্যে

ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’র জন্য জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম। একই কাজের জন্য সেরা ব্রেকথ্রু সম্মাননা পেয়েছেন রুনা খান। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হয়েছেন তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন সাদিয়া আয়মান। জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তানজিকা আমিন। সেরা নির্মাতা হয়েছেন যৌথভাবে অমিতাভ রেজা চৌধুরী ও ভিকি জাহেদ।

আরও পড়ুন

সংগীত বিভাগে জুরিবোর্ডের বিচারে যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। ‘যদি মনটা চুরি করি’ ও ‘ও জান’ গানের জন্য তাঁরা এই স্বীকৃতি অর্জন করেন। জনপ্রিয় বিভাগে সেরা গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান মাহমুদুল (পরী) এবং সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন দোলা রহমান (বিলেত রাজা)।

এবারের আসরের বিশেষ আকর্ষণ ছিল বাইফার শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’র ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী পর্বে অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশার উপস্থাপনায় মঞ্চে পরিবেশিত হয় নৃত্য, গান, ফ্যাশন শো। এতে অংশ নেন চাঁদনী, শরীফুল রাজ, সাবিলা নূর, দীঘি, ইরফান সাজ্জাদ, দোলা রহমান, আদর আজাদ, বারিষা হক, সেমন্তি সৌমি, সালমা, ঝিলিক, পূজা, স্বপ্নীল প্রমুখ। লালগালিচায় উপস্থাপনায় ছিলেন ইমতু ও নাদিয়া আফরিন।