‘বনলতা’, ‘রকস্টার’–এর পর নতুন কী নিয়ে আসছেন সাবিলা

নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সাবিলা নূর। ওটিটির প্রকল্পে অভিনয়ের কথাও চলছে। সাবিলার খোঁজখবর নিয়েছেন মনজুর কাদের

সাবিলা নূরছবি: ফেসবুক থেকে

বড় পর্দায় ধীরে ধীরে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নে হেসে তাঁর উত্তর, ‘চেষ্টা করছি।’ তবে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয়টি নয়, গল্পই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন।

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে সাবিলা নূর

এই সিনেমার মধ্য দিয়ে আবার রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। সাবিলার কাছে অবশ্য সহশিল্পী কাস্টিংয়ের চেয়ে বেশি গুরুত্ব পায় গল্প ও পুরো টিমের সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স। ‘বনলতা এক্সপ্রেস’-এর সময় পরিচালক তানিম নূরসহ পুরো দলের সঙ্গে তাঁর যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, সেটিও কাজ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। রাজ সম্পর্কে সাবিলার মূল্যায়নও ইতিবাচক। তাঁর মতে, রাজ ‘ব্রিলিয়ান্ট’ একজন অভিনেতা। তাঁর সঙ্গে অভিনয় করলে নিজেকেও চ্যালেঞ্জ করা যায়।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় শরিফুল রাজ ও সাবিলা নূর
ছবি : ফেসবুক থেকে

শাকিব খানের সঙ্গেও দুটি সিনেমায় কাজ করেছেন সাবিলা। ‘রকস্টার’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া প্রত্যাশামতো হয়েছে কি না, এমন প্রশ্নেও ইতিবাচকই থাকতে চান সাবিলা। তাঁর কাছে কোনো সিনেমার বাণিজ্যিক সাফল্যই একমাত্র হিসাব নয়; একটি ভালো গল্পের অংশ হওয়া, নতুন ধরনের চরিত্রে নিজেকে খুঁজে পাওয়া এবং ভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। ‘রকস্টার’কে তেমনই একটি কাজ মনে করেন। বিশেষ করে সমসাময়িক পটভূমিতে একটি মিউজিক্যাল সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছেন বলে মনে করেন এই অভিনেত্রী। শাকিব খানের মতো বড় মাপের তারকার বিপরীতে পরপর দুটি ছবিতে কাজ করতে পারাটাকেও মনে করছেন দারুণ একটি সুযোগ।

অভিনয়ের বাইরে সিনেমা দেখতেও ভালোবাসেন সাবিলা। বিশেষ করে হরর সিনেমার তিনি ভক্ত। সম্প্রতি ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’ দেখেছেন। হররপ্রেমী বলেই রায়হান রাফীর ‘আন্ধার’ নিয়েও তাঁর আগ্রহ রয়েছে। নতুন সিনেমার প্রস্তুতির অংশ হিসেবেও সিনেমা দেখছেন। ‘কানাভুলা প্যারাডক্স’-এর প্রস্তুতির জন্য পুরোনো কিছু সিনেমা আবার দেখছেন, নিচ্ছেন চরিত্রের প্রস্তুতি।

সাবিলা নূর
ছবি : ফেসবুক থেকে

অভিনয়ের বাইরে সময় পেলে ঘুরতে ভালোবাসেন সাবিলা নূর। ইদানীং খুব একটা সুযোগ হয়নি। ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হংকংয়ে গিয়েছিলেন। সেখানকার একটি উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি বিদেশি দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার অভিজ্ঞতা তাঁর কাছে স্পেশাল হয়ে আছে। নতুন ছবির শুটিং শুরুর আগে সুযোগ পেলে একটি ভ্রমণে যেতে চান সাবিলা। কোথায় যাবেন, এখনো ঠিক হয়নি।

ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হওয়ায় ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ। সামনে ‘ইস্ট অব ইডেন’ অবলম্বনে সিনেমা আসছে বলে জন স্টেইনবেকের উপন্যাসটি আবার পড়ছেন। বই ও সিনেমার মধ্যে পার্থক্যটা কী, দেখার জন্যই এমনটা করছেন, জানালেন সাবিলা।

টেলিভিশন নাটক থেকে আপাতত দূরেই থাকছেন সাবিলা। প্রায় দুই বছরের বেশি সময় নাটকে অভিনয় করেননি। তবে একেবারে ছেড়ে দিয়েছেন, এমনও নয়। নতুন কিছু করার মতো গল্প পেলে ভবিষ্যতে নাটকেও ফিরতে চান। ওটিটিতেও কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছে, কিন্তু ব্যাটে-বলে মেলেনি। ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তিতে কাজ করার পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটি এগোয়নি।