সংলাপহীন সেই সিনেমা আবার জুরি পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্বাণ’ সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালে
ছবি: সংগৃহীত

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি এবার আরও একটি জুরি পুরস্কার পেল। ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে সিনেমাটি। এই তথ্য জানালেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম।

আসিফ জানান, প্যারিসে আরও একটি জুরি পুরস্কার তাদের পুরো টিমের জন্য আনন্দের। উৎসবগুলোতে নির্বাণ যেভাবে জুরিদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে, সেটাও বাংলাদেশের পরিচালক হিসেবে ভালো লাগার জায়গা তৈরি করছে বলে মন্তব্য করলেন।

প্রিয়াম অর্চি
ছবি: প্রথম আলো

আসিফ ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্ব চলচ্চিত্র দর্শকের কাছে বাংলাদেশের সিনেমা যেভাবে গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি পাচ্ছে, সেটা প্রশংসার দাবিদার। বিষয়গুলো মাথায় রেখে আমাদের দরকার ফিল্ম মেকিংয়ের সহজ পরিবেশ তৈরি করা। তাহলে আমার বিশ্বাস, ভালো সিনেমার জন্য বাংলাদেশ বিশ্ববাজারে সুপরিচিত হবে।’ আগামী বছরে নির্বাণ আরও কিছু ভালো সংবাদ নিয়ে আসবে বলে আশা ব্যক্তি করলেন এই পরিচালক।

নির্বাণ সিনেমার দৃশ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। তিনি মস্কো চলচ্চিত্র উৎসব চলার সময় সিনেমাটির গল্প নিয়ে বলেছিলেন, ‘আমাদের সিনেমায় কোনো সংলাপ নেই। সিনেমাটিতে তিন কর্মীর যাপিত জীবনের চিত্র উঠে এসেছে। মনস্তাত্ত্বিক অনেক বিষয় সিনেমায় দেখানো হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলো তুলে ধরা হয়েছে। যেটাকে আমরা মেডিটেশনের সঙ্গে তুলনা করেছি। মেডিটেশনে যেমন শুরুতেই প্রবেশ করা কঠিন, কিন্তু একবার প্রবেশ করলে পরে আর কঠিন মনে হয় না। সিনেমা দেখে দর্শকেরা সেই কথাই বলছিল।’

প্রিয়াম অর্চি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাবে।

পরিচালক আসিফ ইসলাম। ছবি: ফেসবুক