এক দিনেই শাকিবের ‘রকস্টার’–এর শো দ্বিগুণ হলো

‘রকস্টার’–এ সাবিলা ও শাকিব। ভিডিও থেকে

ঈদে সর্বোচ্চসংখ্যক হলো পেয়েছে ‘রকস্টার’ সিনেমাটি। মাল্টিপ্লেক্স চেইন, একক হলসহ মোট ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘রকস্টার’। ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে ‘রকস্টার’–এর শো সংখ্যা ছিল ১৮টি। কিন্তু দর্শক চাহিদায় মাত্র এক দিনের ব্যবধানে সিনেমাটির শো ৩৬টি করেছে কর্তৃপক্ষ। অর্থাৎ এক দিনেই সিনেমাটির শো দ্বিগুণ হয়েছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার মুক্তির পর অনেক দর্শকই সিনেমাটির প্রশংসা করেছেন। অ্যাকশন চরিত্রের বাইরে আবার রোমান্টিক চরিত্রে শাকিবকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। গতকাল সিনেমাটির মুক্তির পর হলে হলে ঘুরেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো ও অভিনেত্রী সাবিলা নূর।

‘রকস্টার’–এর পোস্টারে শাকিব খান ও সাবিলা নূর। প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

আজমান রুশো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তাঁর ‘রকস্টার’–এর মাধ্যমে নতুন শাকিবকে তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেন, ‘এই সিনেমায় অ্যাকশন বা আইটেম গান নেই। এত দিন ধরে যে ধারা চলে আসছিল, সেখান থেকে আমরা নতুন কিছু দর্শকদের দিতে চেয়েছি। এখন ভালো লাগা বা খারাপ লাগা আপেক্ষিক ব্যাপার। মাত্র একটা বা দুইটা শো শেষ হয়েছে, সিনেমাটি দর্শকদের কেমন লাগছে, সেটা বুঝতে আরও সময় লাগবে।’
এ সময় আজমান রুশো আরও বলেন, ‘রকস্টার’–এর মাধ্যমে একটা নতুনত্ব, একটা ভিন্ন ধারার গল্প দর্শকদের কাছে নিয়ে আসতে।

আরও পড়ুন

আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। ছবিটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।
সিনেমাটিতে শাকিবের খানের তিন নায়িকা—সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।